প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শেষ হলো রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পুজো। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবত। বিশেষ দিনে নিজের বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘সবার কল্যাণ করা ভারতের নির্মাণের সূচনা হল আজ। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আমাদের মধ্যে যাঁরা আজ আছেন, তাঁরা মন থেকে এবং যাঁরা নেই, তাঁরা সূক্ষভাবে এখানে আছেন। করোনা-আবহে আমরা সারা বিশ্বকে পথ দেখাতে পারি। রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে। সবার মধ্যেই রাম আছেন। এখানে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবার মনের অযোধ্যা সাজাতে হবে। সবার উন্নতি করা, সবাইকে আপন ভাবা ধর্ম পালন করতে হবে। মন্দির তৈরি হওয়ার আগেই আমাদের মনকে তৈরি করতে হবে। আমাদের হৃদয়ে রাম যাতে থাকতে পারেন, তার জন্য দ্বেষ-মুক্ত হতে হবে। হৃদয় থেকে ভেদাভেদ দূর করে শুধু দেশবাসীর কথা ভাবতে হবে। রাম মন্দিরের সঙ্গে অন্যান্য মন্দিরগুলির পার্থক্য আছে।’
একই সঙ্গে রাম মন্দিরের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। তাঁরা আজ এখানে শারীরিকভাবে থাকতে পারেননি। কেউ কেউ এখানে আসতে পারেননি। আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন। অনেকেরই আজ এখানে থাকা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।’





