ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল পুঞ্চ, নিকেশ দুই লস্কর জঙ্গি

আবারও সেনা-জঙ্গি লড়াইয়ে উত্তপ্ত‌ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ। সূত্র মারফত খবর পেয়ে জঙ্গিদের গোপন ডেরা ঘিরে ফেলেছিল ভারতীয় নিরাপত্তারক্ষাবাহিনী। তারপর আত্মসমর্পণের প্রস্তাব পাঠানো হয় জঙ্গিদের কাছে। কিন্তু, সন্ত্রাসবাদীদের তরফে নিরাপত্তা বাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
আর এর পরেই জঙ্গি নিকেশের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী রবিবার সকাল থেকে তীব্র গুলিযুদ্ধ শুরু হয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দুগরানের মুঘল রোড এলাকায়। শেষ পর্যন্ত লস্কর-ই-তইবার দুই জঙ্গি খতম করা হয়। ‌ একইসঙ্গে ধরা পড়়ে তাদের এক সহযোগী। ঘটনাটি ঘটেছে সুরানকোটে এলাকার চট্টপানি-দুগরান গ্রামে।
জম্মু পুলিশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, মৃত দুই জঙ্গির নাম সাজিদ ও বিলাল। ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭ রাইফেলস, ৬টি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড কার্তুজ-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।
একই সঙ্গে পুলিশ সূত্রে জানানো হয়েছে, উক্ত জঙ্গিদের মধ্যে একজন স্থানীয় ও দু’জন বিদেশি ছিল। তিনদিন আগেই এই সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢোকে। জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার যৌথ অভিযান চালানোর ছক ছিল। জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনে ঝামেলা পাকানোর পরিকল্পনা কষেছিল। সম্প্রতি ৪৬ বছরের তালিব হুসেন নামে এক ব্যক্তির পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। তাতে বলা হয়, ডোগরিয়ান বাফলিয়াজের চিয়ে গ্রামের বাসিন্দা গুলাম হুসেনের ছেলে তালিব গত ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ। কাছেই একটি নদী থেকে নুড়ি তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু, আর ফিরে আসেননি। এরপরই পুলিশ ও ১৬ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তখন একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। পরে ওই বাড়িটি ঘিরে ফেলে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু, তারা তাতে কান দেয়নি।

RELATED Articles