উত্তরপ্রদেশে এখন দুষ্কৃতী বা মাফিয়াদের ভয় পাওয়ার কোনও দরকার নেই, ওরা এখন অতীত হয়ে গিয়েছে। এখানে এখন গুণ্ডাদের কোনও জায়গা নেই। উত্তরপ্রদেশ এখন সম্পূর্ণ নিরাপদ। সাহারানপুরের এক জনসভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, “এখন থেকে আর কোনও মাফিয়া বা দুষ্কৃতীকে ভয় পতে হবে না। ওরা এখন অতীত হয়ে গিয়েছে। আজ উত্তরপ্রদেশ পুরোপুরি ভয়মুক্ত”।
এদিনের এই সভায় উত্তরপ্রদেশের আগের সরকারের আমলের ছবি ও তাঁর সরকারের আমলের ছবি তুলে ধরেন আদিত্যনাথ। বলেন, “আগে রাজ্যের মেয়েরা দুষ্কৃতীদের ভয়ে দূরে কোথাও পড়তে যেতে পারতেন না। কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। উত্তরপ্রদেশের আইন, শাসনব্যবস্থা এবং অপরাধ দমনে সরকারের ভূমিকা আজ গোটা দেশের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে”। যোগীর কথায়, তাঁর সরকারের আমলে কোনও দাঙ্গা হয় না। নেই কোনও চোখ রাঙানি।
যোগীর দাবী, আগে যেমন উত্তরপ্রদেশ বলতেই সকলের চোখের সামনে ভেসে উঠত মাফিয়া, দুষ্কৃতীদের ছবি, এখন তা বদলে গিয়েছে। যোগীর কথায়, “আজ উত্তরপ্রদেশকে দুনিয়া মাফিয়ারাজের জন্য চেনে না, উত্তরপ্রদেশকে গোটা দুনিয়া চেনে সংস্কৃতি এবং উৎসবের জন্য”।
সাহারানপুরের এই সভা থেকে ওই শহরের আগের ছবি ও বর্তমান ছবির প্রেক্ষাপট তুলে ধরেন যোগী। ২০১৭ সালের আগে এই শহরটির উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়নি। কিন্তু তাঁর সরকার এই শহরের উন্নয়নে জোর দিয়েছে। যোগীর কথায়, “সাহরানপুরকে যে ভাবে উপেক্ষা করা হত, তা আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি। এখানকার বাসিন্দারা ঠিক মতো বিদ্যুৎ পেতেন না। হিংসা, দাঙ্গা নিত্য দিন লেগে থাকত এই শহরে। কিন্তু আজ, কোথায় পৌঁছে গিয়েছে সাহারানপুর। কোনও হিংসা নেই, কোনও দাঙ্গা নেই”।
এদিন শুধুমাত্র বিজেপি সরকারের প্রশংসাই নয়, যোগী নিজের বার্তায় এও বারবার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই লোকসভা নির্বাচন। সেই কারণেই উন্নয়নকে সামনে রেখে ও নরেন্দ্র মোদীর নাম টেনে এনে উত্তরপ্রদেশে ভোট প্রচার করতে চাইছেন যোগী আদিত্যনাথ।






