মাঝেমধ্যেই নানান কারণেই খবরের শিরোনামে উঠে আসে জাব্দপুর বিশ্ববিদ্যালয়ের নাম। কখনও র্যাগিং, কখনও পড়ুয়া মৃত্যু, নানান ঘটনাকে কেন্দ্র করে বারবার বিতর্কে জড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়। এবার ফের একবার চর্চায় উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। কী ঘটল হঠাৎ সেখানে?
জানা গিয়েছে, আচমকাই বেশ অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুরের একাধিক পড়ুয়া। রিসার্চ স্কলার হোস্টেলে ঘটেছে এমন ঘটনা। কী এমন কারণ, তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন জানা গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ফিল্টার গত দু’মাস যাবত খারাপ। সেই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া।
জানা গিয়েছে, এই বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। অথচ এদিকে জলের পরীক্ষা করে তাতে ব্যাকটেরিয়ার ক্ষতিকর উপস্থিতির প্রমাণ মিলেছে। সেই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন অনেক পড়ুয়া।
তবে এই বিষয়ে আবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর বলেন, “হস্টেলের জল খেয়েই যে অসুস্থ হয়েছেন, তার কোনও প্রমাণ নেই। ফিল্টার নিয়ে অভিযোগ আসার পরই সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষা করারও কথা বলা হয়েছে”।
গত ১২ নভেম্বর এই বিষয়টি নিয়ে আলোচনা হয় হোস্টেল আবাসিক ও কর্তৃপক্ষের মধ্যে। সেই আলোচনায় ড্রাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ীই গতকাল, বুধবার থেকে খাবার জলের ড্রাম রাখা হচ্ছে হোস্টেলে।
আরও পড়ুনঃ হাড়হিম করা ঘটনা! সরকারি হাসপাতালের ভ্যাটের আবর্জনার মধ্যে থেকে উদ্ধার দেহের কাটা টুকরো, তুমুল চাঞ্চল্য হাসপাতাল চত্বরে
এই ঘটনা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার মিতালি দেব বলছেন, “প্রায় চার-পাঁচ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তা জল ছাড়া বাইরের খাবার খেয়েও হতে পারে। এমন কিছু বড় বিষয় নয়। এখন সব কিছু ঠিক আছে”।
তৃণমূল ছাত্র পরিষদের নেতা সঞ্জীব প্রামাণিকের কথায়, “গত দুমাস ধরে কর্তৃপক্ষ জলের মতো এমন অপরিহার্য বিষয়কে অগ্রাহ্য করেছেন। ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু পড়ুয়া”।





