ঘুমন্ত অবস্থায় চোখে চশমা কেন ছিল, চোখে আঘাতই না লাগল কীভাবে নির্যাতিতার, সিবিআই রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

আজ, সোমবার বিকেলে সুপ্রিমকোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। এদিন স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারে। এই রিপোর্ট থেকে এদিন কিছু প্রশ্নও উঠে আসে।

এদিন প্রধান বিচারপতি জানান, রিপোর্টে সিবিআই দাবী করেছে, নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লেগেছিল। ঘুমন্ত অবস্থায় এমনটা হল কী করে? প্রধান বিচারপতি জানান, রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা চশমা এবং চুরি পরেছিলেন। সেই কারণেই ক্ষত অনেক বেশি হয়েছে। একজন যখন ঘুমিয়ে ছিলেন তখন কীভাবে এটা সম্ভব, মৃতদেহ চশমা পরা অবস্থায় পাওয়া গেল কী করে, প্রশ্ন করলেন প্রধান বিচারপতি।

এর উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সিজার লিস্ট অনুয়ায়ী জানা গিয়েছে, মৃতদেহের পাশে চশমা ভাঙা অবস্থায় পড়ে ছিল।  তাঁর কথায়, হয়ত বিশ্রাম নিতে গিয়ে তরুণী চিকিৎসক ঘুমিয়ে পড়েছিলেন। আর অত্যাচারের সময় চশমা ভেঙে আঘাত লাগে তাঁর চোখে।

বলে রাখি, এদিনের শুনানিতে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের উপর হামলা, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা, এমন নানান বিষয় ওঠে। পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে সিবিআইকে। পরের শুনানিতে কী হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles