এখন করোনা পরীক্ষা হবে আরও সহজ ও তাড়াতাড়ি। মাত্র পনেরো মিনিটেই জানান দেবে করোনার উপস্থিতি। দ্রুতই এক নতুন র্যাপিড টেস্ট কিট বাজারে আনতে চলেছে সিপলা। আজই সংস্থার তরফ থেকে এই নতুন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের কথা ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, এই নতুন র্যাপিড টেস্ট কিটের সাহায্যে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ধরা পড়বে করোনা। প্রিমিয়ার মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড-এর সঙ্গে জুটি বেঁধে এই কিটটি বাণিজ্যিকভাবে বাজারে আনতে চলেছে সিপলা। একটি বিবৃতি জারি করে ওই সংস্থা জানিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই তাদের এই ‘সিপটেস্ট’ নামের কিটটি বাজারে চলে আসবে।
ওই বিবৃতে আরও জানানো হয় যে, প্রিমিয়ার মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড এই কিটটি তৈরি করবে ও কিটটি বিক্রির দায়িত্বে থাকবে সিপলা। কীভাবে এই কিটটি ব্যবহার করা যাবে, এই নিয়েও উঠেছে প্রশ্ন।
এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, পুরনো ন্যাসোফ্যারিঞ্জিল সোয়াব টেস্ট অর্থাৎ নাক থেকে নমুনা নিয়েই এই টেস্ট করা হবে। শুধুমাত্র আইসিএমআর অনুমোদিত ল্যাবেই এই টেস্ট হবে। এর কিটের আরেকটি বিশেষত্ব হল, এই কিটের সাহায্যে টেস্ট করালে অন্য কোনও যন্ত্রের প্রয়োজন পড়বে না। এই কিট যে ৯৮.০৯ শতাংশ কার্যকরী, এও জানানো হয়েছে সিপলার পেশ করা ওই বিবৃতিতে।
উল্লেখ্য, তবে এটি সিপলার দ্বিতীয় কিট। এর আগেও অন্য একটি টেস্ট কিট বাজারে আনে সিপলা। সেই কিটের দ্বারা কোনও ব্যক্তির শরীরে কোভিড ১৯-এর অ্যান্টিবডি রয়েছে কী না, তা সনাক্ত করা যায়। তাছাড়া, হায়দ্রাবাদের আইআইসিটি ও সিএসআইটিও-এর সঙ্গে মিলে সিপলা করোনার বিরুদ্ধে কার্যকরী অ্যান্টি ভাইরাল ড্রাগ নিয়েও কাজ করছে।





