বিশ্বজোড়া জনপ্রিয় অ্যাপ টিকটক এখন পড়েছে মহাবিপদে। ভারতের জনবহুল দেশে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বড়সড় ক্ষতির মুখ দেখেছে চীনা সংস্থা বাইটডান্স। আমেরিকাতেও সমস্যার মুখে পড়েছে এই সংস্থা। আর তারপরই আমেরিকা-সহ একাধিক দেশে এই অ্যাপ-এর মালিকানা কিনে নিতে চলেছে মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট!
খবর পাওয়া গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই বাইটডান্সের থেকে আমেরিকা-সহ একাধিক দেশে টিকটক-এর মালিকানা কিনে নিতে চলছে বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি এই সংস্থা। অতি সম্প্রতি, ইউজারের তথ্যের নিরাপত্তা বিষয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই চীনা অ্যাপকে। এই অ্যাপের মাধ্যমে আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য পৌঁছে যাচ্ছে চীনের হাতে এমনটাই ধারণা মার্কিন গোয়েন্দাদের। এই পরিস্থিতিতে সম্প্রতি আমেরিকায় এই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন বিদেশ মন্ত্রীও। আর তার পরই সম্প্রতি মাইক্রোসফ্ট-এর টিকটক কিনে নেওয়ার খবর সামনে আসে।





