এবার প্লে স্টোর থেকে সরানো হলো ‘মিত্রোঁ অ্যাপ’। টিকটকের ভারতীয় সংস্করণ ‘মিত্রোঁ অ্যাপ’ ভারতে লঞ্চের কিছু দিনের মধ্যেই প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি নিজেদের ফোনে ডাউনলোড করে। এরপরই প্লে স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে নেওয়া হয়েছে । তবে কি কারণে এই পদক্ষেপ সে বিষয়ে গুগল বা মিত্রোঁ কেউই স্পষ্ট করে কিছু জানায়নি।তবে মনে করা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ফোনে এই অ্যাপটি থাকলে তা ব্যবহার করা যেতেই পারে। কিন্তু অ্যাপের মধ্যে নিরাপত্তা বিষয়ক অনেক ফাঁক রয়েছে। যার চলতে এটি ব্যবহার না-করাই উচিত। জানা গিয়েছিল, আইআইটি রুরকি-র ছাত্র শিবাঙ্ক আগরওয়াল পাকিস্তানের কোডিং কোম্পানি Qboxus থেকে অ্যাপটির সোর্স কোড কিনে ভারতে মিত্রোঁ নামে রি লঞ্চ করে। এমনকী, ভারতে লঞ্চের আগে আগরওয়াল বা তাঁর টিম এই অ্যাপের কোডিং কাস্টমাইজও করেনি বা প্রাইভেসি পলিসিও কিছু বদলায় নি। অন্যদিকে Qboxus-এর তরফে নিশ্চিত করা হয়েছে, শিবাঙ্ক আগরওয়াল তাঁদের কাছ থেকে TicTic-এর সোর্স কোড কেনে এবং মিত্রোঁ নামে সেটি ভারতে লঞ্চ করেন। কোম্পানির তরফে, এ-ও জানানো হয়েছে যে, মিত্রোঁ অ্যাপে কিছু প্রাইভেসি ইস্যু রয়েছে, কারণ অ্যাপ ডেভেলপার অ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট করেননি।
Qboxus-এর তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, সোর্স কোড কেনার পরে তাতে প্রয়োজনীয় পরিবর্তন বিনাই তা বাজারে ছেড়ে দেওয়াকে একেবারেই মেনে নেওয়া যায় না। এমনকি তাদের ক্রেতাদেরও এ ব্যাপারে উৎসাহিত করে না সংস্থা।
এক সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞ জানিয়েছেন, মিত্রোঁ অ্যাপ ব্যবহার করাটা ঝুঁকিপূ্র্ণ। কারণ সোর্স কোডকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত ফায়ারওয়াল বা কোনও রকম সফ্টওয়্যার সিকিওরিটি তাতে দেওয়া নেই। পাশাপাশি এই অ্যাপটির প্রাইভেসি পলিসিও ব্যবহারকারীদের তথ্যকে লিক করে দিতে পারে, যাতে ব্যবহারকারীর ডেটা দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে পড়বে।
কারও ফোনে মিত্রোঁ অ্যাপ থাকলে, তা আনইনস্টল করার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। মিত্রোঁ অ্যাপ থেকে অ্যাকাউন্ট ডিলিট করার কোনও উপায় নেই। তবে, ব্যবহারকারীরা অ্যাপ থেকে লগ-আউট করতে পারেন। সবচেয়ে ভালো হয় অ্যাপটি সরাসরি আনইনস্টল করে দেওয়া। জেনে রাখা দরকার, অ্যাপের সেটিংস মেনু-ও বর্তমানে পাওয়া যাচ্ছে না।






