রাজ্যের ৮ টি লোকসভা কেন্দ্রে আজ চতুর্থ দফার ভোট। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও, রণক্ষেত্র হয়ে উঠেছে বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জামুরিয়া৷ সকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে জামুরিয়ার ভাদুরিয়া বিদ্যাপিঠে। শেষ অবধি সাধারণ ভোটারদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷
দুর্গাপুরের জামুরিয়ায় ভাদুরিয়া বিদ্যাপিঠের পাঁচটি বুথেই নেই কেন্দ্রীয় বাহিনী৷ তাই নিজেদের নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনীর দাবী জানিয়ে সকাল থেকেই ভোট বয়কট করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। সাধারণ ভোটারদের সঙ্গে যোগ দেন সিপিএম, বিজেপি দলীয় কর্মীরাও৷ অপরদিকে তৃণমূল কর্মীরা ভোট দিতে উদ্যত হলে তা নিয়েই শুরু হয় সংঘাত। হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম এবং বিজেপি কর্মীদের৷





