শহিদ মিনারে কর্মীদের প্রতি অমিত শাহ-র বার্তা “দিদিকে বলুন ‘আর নয় অন্যায়’।”

সংগঠনকে চাঙ্গা করতে লোকসভা নির্বাচনের পরেই প্রশান্ত কিশোরের পরামর্শ মতো ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সেই তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করতে নিজেদের কর্মসূচিকেই হাতিয়ার করলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শহিদ মিনার ময়দানে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, “দিদিকে বলুন ‘আর নয় অন্যায়’।”

লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনেই ঘাস ফুল ফোটানোর লক্ষ্যমাত্রা নিলেও তৃণমূলের গতবারের তুলনায় ১২টি আসন কমে যায়। সেই জায়গায় বিজেপির ঝুলিতে যায় ১৮টি আসন। ২০১৪ সালে সেই সংখ্যাটি ছিল মাত্র দুই। তাই ঘুরে দাঁড়াতে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করে তৃণমূল। রাজ্য জুড়ে বিশেষ নজর কেড়েছিল তৃণমূলের এই উদ্যোগ। লোকসভা নির্বাচনের ফলে ঝিমিয়ে যাওয়া কর্মীরা উৎসাহ পেয়েছিল।

রাজ্যের শাসকদল তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচি আসলে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মস্তিস্কপ্রসূত। এই নিয়ে একাধিকবার তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি নেতারা। এদিনও সেই ধারা বজায় রেখেছেন অমিত শাহ। তবে প্রশান্ত কিশোর নয়। নিজেদের কর্মসূচি ‘আর নয় অন্যায়’ দিয়েই তৃণমূলকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “গ্রামে গ্রামে গিয়ে তৃণমূল বলছে ‘দিদিকে বলো’। কিন্তু কোনও উত্তর দিতে পাচ্ছে না। আমি এখান থেকে আপনাদের বলছি যে কেউ চুপ করে থাকবেন না। তৃণমূল দিদিকে বলতে বললেই আপনারা বলবেন, ‘আর নয় অন্যায়’। তৃণমূলের অন্যায় আর সহ্য করা হবে না।”

শুক্রবারেই রাজ্য বিজেপির সদর দফতরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। রবিবার যার সূচনা হল শহিদ মিনারে অমিত শাহের সভার মাধ্যমে।

আজ শহিদ মিনারের সভা শেষ করে কালীঘাটে পুজো দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। পুজোর শেষে রাজ্যে দলের বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেই বৈঠক সেরে এদিন রাতেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment