এ কেমন শখ! ফুল বা পাতাবাহার নয়, খেঁজুর-আঙুর-চেরিফল দিয়ে সাজানো গাড়ি করে বিয়ে করতে গেলেন যুবক

কত মানুষেরই কত ধরণের শখ থাকে, আর সেই শখ পূরণ করার জন্য কত কিছুই না করে থাকে মানুষ। কথাতেই আছে, শখের দাম লাখ টাকা। এবার নিজের শখ পূরণ করতে নিজের বিয়েতে বড় চমক দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের যুবক সৌরভ পাল।

সাধারণত নানান ধরণের ফুল, পাতাবাহার দিয়ে সাজানো হয় বরের গাড়ি। সম্প্রতি, এও দেখা গিয়েছে যে সাইকেলে চেপে বিয়ে করতে যাচ্ছেন বর। আবার রোড রোলার চালিয়ে বিয়ে করতে যাওয়ার ঘটনাও চোখে পড়েছে।

শুধু কী তাই, কিছুদিন আগেই আবার গুগল মিটে বিয়ে দেখেছেন নিমন্ত্রিতরা। নিমন্ত্রণের ভোজ পৌঁছেছে জোম্যাটো ডেলিভারির মাধ্যমে। এবার তেমনই নিজের বিয়েতে অন্যরকম কিছু করার কথা ভাবলেন জামালপুরের সৌরভ। তবে সেই শখ যে এমন হতে পারে, তা সহজে কারোর মাথায় আসার কথা নয়।

সৌরভ চেয়েছিলেন যে তাঁর বিয়ে করতে যাওয়ার গাড়ি ফুল দিয়ে নয়, বরং সাজানো হবে ফল দিয়ে। আর যেমন ভাবা, তেমনই কাজ। আঙুর, বেদানা, খেজুর, চেরিফল দিয়েই সাজানো হল বরের গাড়ি। ফল দিয়েই গাড়ি সামনে বানানো হয়েছে বিশালাকার ইংরেজি ‘এস’ অক্ষর।

এই বিষয়ে সৌরভের বন্ধু বিশ্বরূপ গুহ বলেন, “ও এটাই চেয়েছিল। সেই ভাবেই সাজিয়ে দিয়েছি আমরা”। সৌরভেরই পরিবারের সদস্য রবীন্দ্রনাথ পাল জানাচ্ছেন যে সৌরভের বিয়ের এই গাড়ি সাজাতে লেগেছে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেঁজুর, ৫০০ বেদানা এবং দেড় কেজি চেরি ফল।

RELATED Articles