Ra*pe case: ভয় দেখিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষ*ণের অভিযোগ, ধৃত অভিযুক্ত!

পরিচিত মুখের থেকে যে এমন নৃশংসতা নেমে আসতে পারে, তা কল্পনাও করেনি কিশোরীটি। বাবা-মা কর্মসূত্রে তামিলনাড়ুতে, ফলে মাঝেমধ্যেই একা থাকতে হত বাড়িতে। পরিবারের ভরসার মানুষ, এক বান্ধবীর বাবাই সেই নিঃসঙ্গ সময়ে তার উপর শারীরিক নির্যাতনের চেষ্টা চালায় বলে অভিযোগ। চেনা মুখের আড়ালে যে এমন বিকৃত মানসিকতা লুকিয়ে থাকতে পারে, তা ভেবে শিউরে উঠছে গোটা এলাকা।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার অন্তর্গত আগারআটি গ্রামে। নির্যাতিতা ১৩ বছরের এক কিশোরী এবং ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। তার বাবা-মা তামিলনাড়ুতে কাজ করেন। সামনে মামার বাড়ি থাকলেও কিশোরী মাঝেমধ্যে নিজের বাড়িতে একাই থাকত। অভিযুক্ত ব্যক্তি, ৪২ বছরের মিজান শেখ, কিশোরীর বান্ধবীর বাবা এবং বহুদিনের পরিচিত। এই বিশ্বাসকেই কাজে লাগিয়ে রবিবার সন্ধ্যায় মেয়েটির বাড়িতে ঢুকে পড়ে সে।

অভিযোগ, মেয়েটিকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। তখনই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন কয়েকজন প্রতিবেশী। আচমকা মেয়েটির কান্নার আওয়াজে চমকে ওঠেন তাঁরা। সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে পরিস্থিতি দেখে চমকে যান সকলে। সেই মুহূর্তে মিজান শেখ পালিয়ে যায়। ভয় ও আতঙ্কে কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে।

এই মুহূর্তে প্রতিবেশীরা কিশোরীকে ন্যাজাট থানায় নিয়ে যায় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অবশেষে সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, এর আগেও ভয় দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার হেনস্থা করার চেষ্টা করেছে মিজান শেখ। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে এবং আজ তাকে আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃ Bangladesh : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নারীকে ধর্ষ*ণ, চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীর উপর নারকীয় তাণ্ডব!

ঘটনার পর কিশোরীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তার মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হবে। গোটা ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles