মিড-ডে মিলে কারচুপির অভিযোগ, জনসমক্ষে তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা স্কুল কমিটির সভাপতিকে কষিয়ে চড় মারলেন গ্রামবাসী

স্কুলের মিড-ডে সংক্রান্ত সমস্যা নিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্কুল কমিটির সভাপতি সঙ্গে বচসায় জড়ান এলাকাবাসীরা। এর জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে স্কুল সভাপতিকে সকলের সামনেই চড় মেরে বসেন এক গ্রামবাসী। এর জেরে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হয় নামখানা থানার পুলিশ।

উক্ত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ওই স্কুলের পরিচালন কমিটি মিড-ডে মিলে কারচুপি করছে। অনেক সময় মিড-ডে মিলে পোকা চাল, ডাল দেওয়া হয়। এমনকি, মাঝেমধ্যেই অনেক সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালন কমিটির বিরুদ্ধে।

এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে ওই পরিচালন কমিটিকে মিড-ডে মিলের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি নিজেদের দায়িত্বে এই স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব চালিয়ে আসছে।

কিন্তু কিছুদিন আগে আবার প্রধান শিক্ষকের তরফে অভিভাবকদের কাছে খবর পাঠানো হয় যাতে তারা স্কুলে গিয়ে একটি স্বাক্ষর করে আসেন। কিন্তু অভিভাবকদের প্রশ্ন কেন তারা স্বাক্ষর করবেন। এই নিয়েই অভিভাবকদের সঙ্গে বচসা শুরু হয় স্কুল শিক্ষকদের। এরই মধ্যে সেখানে পৌঁছন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষপতি মণ্ডল। তাঁর সঙ্গেও শুরু হয় অভিভাবকদের বচসা।

আর এই বচসা চলাকালীনই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষপতি মণ্ডলের গালে চড় মারেন এক এলাকাবাসী, নাম মানস মণ্ডল। এরপরই খবর দেওয়া হয় নামখানা থানায়। পুলিশ এসে অভিযোগকারী ও অভিযুক্ত, দু’জনকেই থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে পুলিশের বিশাল মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

RELATED Articles