বেলেঘাটায় তৃণমূলের এক স্থানীয় নেতা ও তার লোকজনের বিরুদ্ধে নাট্যকর্মী অমিত সাহা ও অরূপ খাঁড়াকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে সংস্কৃতি জগতের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। গত ১৮ই ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। সেখানে উপস্থিত না থাকলেও কর্মসূচির উদ্যোক্তাদের লিখিত বার্তা পাঠিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
অমিত সাহাদের মারধরের ঘটনায় যে তৃণমূল কর্মী নেতৃত্ব দিয়েছিলেন, তার সম্পর্ক অনির্বাণ লেখেন, “কে জানে হয়তো কালের অদ্ভুত নিয়মে একদিন বাংলার সংস্কৃতি মন্ত্রীও হয়ে যেতে পারেন, দল বদলালে হয়তো ভারতেরও”।
এর আগে বিজেপির বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষের রাজনীতির অভিযোগ তুলেছিলেন অনির্বাণ। একুশের বিধানসভা নির্বাচনে তাঁর লেখা গান, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব’ রীতিমতো আলোড়ন ফেলেছিল। এবার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
নিজের ওই বিবৃতিতে অনির্বাণ লিখেছেন, “যার গায়ে হাত উঠেছে, তার গায়ে আবার হাত উঠতে পারে শীঘ্রই, এবং যিনি হাত তুলেছেন, তিনি তার সাহসে বলীয়ান হয়ে বাংলা মায়ের সুযোগ্য সন্তানের অনেকগুলো সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন”।
তাঁর সংযোজন, “আজ থেকে ১২ দিন আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অমিতাভ বচ্চন বাকস্বাধীনতার সপক্ষে বক্তৃতা করে গেছেন। শাহরুখ খান সোশ্যাল মিডিয়ার ঘৃণাবাহিনীকে এক হাত নিয়েছেন, সারা ভারতে মুক্তমনা মানুষ হাততালি দিয়ে উঠেছেন। সেদিন যারা মঞ্চে ছিলেন, তারাও দিয়েছেন। তার কিছুদিন পরেই অমিত সাহা ও অরূপ খাঁড়া মার খেয়ে গেলেন, নাট্য উৎসব আয়োজন করার জন্য।একই রাজ্যে! কেন? কারণ অমিত সাহা ও অরূপ খাঁড়া পশ্চিমবঙ্গের বোধ করি একটি ভোটকেও ডিস্টার্ব বা পেট্রনাইজ করতে পারেন না। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান পারেন। তাই, চলুন, আমরা নাটক ছেড়ে একটা মার খাওয়ার উৎসবের দিকে এগিয়ে যাই”।
এই প্রথম নয়, এর আগেও নাটকের উপর রোষ বর্ষণ করেছে শাসক শিবির। বাম জমানার শেষের দিকে হুগলির সিপিএম নেতা রূপচাঁদ পালের বিরুদ্ধে অর্পিতা ঘোষের পশুখামার মঞ্চস্থ করা আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে কিছু নির্দিষ্ট করে না বললেও, নিজের বিবৃতিতে সেকথা উল্লেখ করেছেন অনির্বাণ। তিনি লিখেছেন, “আমি এই সভায় উপস্থিত থাকতে চেয়েছিলাম, কারণ গায়ে হাত উঠেছে। নিশ্চয়ই আগেও উঠেছে, অভিনেতার গায়ে, নাট্যকর্মীর গায়ে। সুদূর বা অদূর ইতিহাসে। কিন্তু সাম্প্রতিককালে আমার জানার মধ্যে এই প্রথম হাত উঠেছে। আমি প্রতিবাদ করছি, আরও অনেকের সঙ্গে, এটা জেনেই, যে এই প্রতিবাদ ব্যর্থ হবে”।





