“বাবুসোনাদের প্রোটেক্ট করছেন দিদি”, চোপড়া কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব অগ্নিমিত্রা

উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি বুথ সভাপতির বোনকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমত সরগরম। মাধ্যমিক পরীক্ষার্থী ওই ১৬ বছরের কিশোরী মারা গেলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। অভিযুক্ত ফিরোজ আলির শাস্তির দাবিতে সরব বিরোধী শিবির। এবার রবিবার একটি ভিডিও বার্তায় বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল হুঙ্কার দিলেন, “অভিযুক্তের ফাঁসি চাই, নাহলে শেষ দেখে ছাড়ব।”

এই ঘটনায় চোপড়ার মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ।‌গতকাল এই ঘটনার জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় জনতা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে, গোটা এলাকায় রণক্ষেত্রের আকার নেয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। গতকাল ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপির মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি প্রতিবাদে রীতিমতো ফুঁসছেন।অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন তিনি। যদি তা না হয় তাহলে তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন।

তার অভিযোগ রাজ্যের শাসক শিবিরের মদতেই এই ঘটনা ঘটেছে। রাজবংশী সম্প্রদায়ের উপর বারবার শাসকদলের গুন্ডা বাহিনীই আক্রমণ চালিয়েছে। কয়েকমাস আগে একই ভাবে আরও এক রাজবংশী মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের গুণ্ডাবাহিনী এমনটাই অভিযোগ করেছেন অগ্নিমিত্রা।

রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা।রাজ্যের মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন মহিলারা আসীন রয়েছেন। কিন্তু এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি। সেই বিষয়টিকেই কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেছেন, “বাবুসোনাদের প্রোটেক্ট করছেন দিদি। বেছে বেছে বিজেপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসক দলের গুণ্ডাবাহিনী।”

চোপড়া কাণ্ডে যে কিশোরী মারা গিয়েছেন তাঁর বয়স মাত্র ১৬ বছর তাই পকসো আইনে অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়ার দাবি করেছেন অগ্নিমিত্রা। তিনি আরো বলেছেন ২০২১ সালে বিজেপিই ক্ষমতায় আসছে। এই সকল ঘৃণ্য কাজ শাসকদলের করা কোনভাবেই উচিত নয়।

RELATED Articles

Leave a Comment