আর জি কর আন্দোলনের প্রতিবাদে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত জুনিয়র চিকিৎসকদের সংগঠন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার একজোট হয়েছে জুনিয়র চিকিৎসকদের একাংশ। নতুন এক সংগঠন গড়ে তুলেছেন তারা, নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এবার সেই নতুন সংগঠনের চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধেই আনলেন থ্রেট কালচারের অভিযোগ।
আর জি করের থ্রেট কালচারে অভিযুক্তদের নামের তালিকা দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতে ৫৩ জনের নাম ছিল। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাদের সাসপেন্ড করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যখন এই প্রসঙ্গ ওঠে, সেই সময় অনিকেত মাহাতো এই ৫৩ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলেছিলেন। এবার এই আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধেই পরীক্ষায় অস্বচ্ছতা, থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ হলেন চিকিৎসক দেবাশিস হালদার। এবার তাঁর এক সাগরেদের বিরুদ্ধে উঠল পরীক্ষায় অস্বচ্ছতা ও থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ। জানা গিয়েছে, দেবাশিস হালদারের ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসক শাহবাজ শেখ যিনি কী না মেডিক্যাল কলেজের পরীক্ষায় অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে সামিল হয়েছেন, তিনি নিজেই পরীক্ষায় অস্বচ্ছতার সঙ্গে যুক্ত।
সূত্রের খবর, ২০২৩ সালে এই শাহবাজ শেখ রামপুরহাট মেডিক্যাল কলেজে পরীক্ষার সময় মোবাইল নিয়ে যাওয়ার অপরাধে ধরা পড়েছিলেন। পরীক্ষা হলে তাঁর থেকে উদ্ধার হয় মোবাইল। সেই সময় তিনি এক মুচলেকা লিখে তাঁর এই কাজের জন্য খমাও ভেয়েছজিলেন। সেই মুচলেকার ছবিও সামনে এসেছে (সেই ছবির সত্যতা যাচাই করে খবর ২৪x৭)। ফলে এই ছবি নিয়ে বেশ হইচই পড়েছে।

এখানেই অভিযোগের শেষ নয়। ২০২১ সালে রামপুরহাট মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ। সেই সময় এই শাহবাহ শেখের বিরুদ্ধেই দায়ের হয়েছিল খুনের অভিযোগ। জানা গিয়েছে, মৃতা চিকিৎসক ছাত্রীর বাবা যাদের বিরুদ্ধে মেয়ের খুনের অভিযোগ এনেছিলেন, তাদের মধ্যে শাহবাজ শেখ অন্যতম। এফআইআর কপিতে নামও রয়েছে তাঁর।
সেই শাহবাজ শেখের বিরুদ্ধে এই তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ আগেই এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময় তিনি দাবী করেছিলেন, এই শাহবাজ শেখের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকরা কোনও কথা বলেন না কারণ শাহবাজ নাকি তাদের লবির। এবার এই একই অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনও।
মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট… pic.twitter.com/OZJEXIDQ9E
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 25, 2024
আরও পড়ুনঃ প্রবল অর্থসঙ্কটে সন্দীপের পরিবার, তলানিতে ঠেকেছে আর্থিক অবস্থা, এফডি ভাঙার আবেদনে কী সাড়া দিল আদালত? বড় বিপাকে সন্দীপ ঘোষ
বলে রাখি, জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন এও অভিযোগ করেছেন, অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা আর জি করের নির্যাতিতার ন্যায় বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন। তাদের কথায়, অনিকেতরা আসলে আন্দোলনের নামে রাজনৈতিক সত্ত্বা গোছাতে চাইছেন। তবে জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের এই অভিযোগের প্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসকরা এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেন নি।





