ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের তাঁর কটাক্ষের ভঙ্গি ছিল খানিকটা অন্যরকম। এদিন শাহ দাবী করলেন যে বাংলায় ফের বিজেপি সরকার গড়বে। রাজ্যে পঞ্চম দফা ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শাহ বলেন যে আগামী ২রা মে দিদির বিদায় নিশ্চিত। তাই তাঁকে ধূমধাম করে বিদায় দিতে হবে, কারণ তিনি অনেক বড় নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় মাপের রাজনৈতিক নেত্রী হওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেও, তাঁকে কটাক্ষ করতে বাদ দিলেন না তিনি।
আরও পড়ুন- আর কয়েকটা আসন পেলেই ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে বিজেপি, পরিবর্তন হচ্ছেই, আত্মবিশ্বাসী শুভেন্দু
আজ, শনিবার বাংলার ভোটারদের কাছে শাহ অনুরোধ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য বিদায় নিশ্চিত করতে তারা যেন বিজেপিকে দু’শোর বেশি আসনে জেতান। আউশগ্রাম-সহ শনিবার আরও দুটি রাজনৈতিক কর্মসূচি সারেন শাহ্’র। প্রথমটা, আমডাঙায় রোড শো, দ্বিতীয়টা, নদিয়ার চাপড়ায় জনসভা। দুটি জনসভা থেকেই রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন শাহ। তাঁর স্পষ্ট দাবী, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সিএএ কার্যকর করা কেউ ঠেকাতে পারবে না।
এদিন মমতার বিদায়ের প্রসঙ্গ তুলে শাহ বলেন, “মমতা দিদি অনেক বড় নেত্রী। ১০ বছর ধরে বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এই নেত্রীর বিদায় একটু সম্মানের সঙ্গে হওয়া উচিত। ধুমধামের সঙ্গে হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বিদায় তখনই ধুমধাম করে হবে, যখন বাংলায় বিজেপি দুশোর বেশি আসন পাবে”।
আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইট-পাথর বৃষ্টি, ভোট পঞ্চমীতে রণক্ষেত্র বর্ধমানের নীলপুর, আটক দু’পক্ষের কয়েকজন
এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। দু’দিন আগে রাজ্যে ভোটপ্রচারে এসেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই সময় তিনি বিজেপি তথা আরএসএসকে তীব্র আক্রমণ শানিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির ডিএনএ নিয়ে। আজ কংগ্রেস নেতার উদ্দেশ্যে পাল্টা দিয়ে শাহ্’র জবাব, “বাংলার নির্বাচন অর্ধেক মিটে যাওয়ার পর পর্যটকের মতো রাহুল বাবা এসেছিলেন। ইটালির সংস্কৃতি ভুলে বাংলার দিকে তাকান। আমাদের ডিএনএ দেখতে পাবেন। আমাদের ডিএনএ অর্থ ডেভেলপমেন্ট, বিকাশ এবং আত্মনির্ভর ভারত”।





