আগামীকাল ধর্মতলায় অমিত শাহ্‌’র সভা, এদিন বিধানসভায় কালো পোশাক পরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল বিধায়করা

আগামীকাল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় রয়েছে বিজেপির হাইভোল্টেজ সভা। এই সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা হাইকোর্টের থেকে এই সভার জন্য অনুমতি পেয়েছে বিজেপি। এবার এই সভার দিন বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল তৃণমূল।

কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলে এসেছে তৃণমূল। নভেম্বরের শেষবেলায় শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশন চলাকালীনই ফের বঞ্চনার প্রতিবাদে সুর চড়াবে তৃণমূল, এমনটাই জানা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, আগামীকাল, বুধবার ধর্মতলায় যখন একদিকে অমিত শাহ্‌’র সভা চলবে, সেই সময় কালো পোশাক পরে বিধানসভায় ধর্নায় বসবে তৃণমূল।

বুধবার দিনটিকেই ঘাসফুল শিবির বেছে নিয়েছে প্রতিবাদের জন্য। এদিন বিধানসভায় কালো পোশাক পরে আসবেন তৃণমূল বিধায়করা। অমিত শাহ্‌’র কলকাতায় সভা করার দিনটিকে পরোক্ষভাবে ‘কালো দিবস’ বলে দেগে দিতে চাইছে তৃণমূল। এই প্রতিবাদ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ছবি তোলার জন্য এসব করছে তৃণমূল।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ, মঙ্গলবার থেকে তিনদিন ধরে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবে তৃণমূল। বিকাল ৩টে থেকে ৫টা পর্যন্ত তিনদিন ধর্নায় বসছেন তারা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচি নিয়েছে ঘাসফুল শিবির।

কী বললেন শুভেন্দু অধিকারী?

এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ফালতু এসব কিছু। আসল বঞ্চিতরা আগামিকাল আসবেন অমিত শাহের মিটিংয়ে। অমিত শাহের বিরুদ্ধে। নিজেদের বিধানসভায় নিজেরা বিক্ষোভ দেখাবে। শাসকদল কালো পোশাক পরে, নিজের রাজ্যেই প্রতিবাদ বিক্ষোভ করে কে দেখেছে? এসব ফটোসেশনের জন্য”।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুধবার শহরে যে চিত্রনাট্য তৈরি হতে চলেছে, তা আসলে বৃহৎ ছবিটাই দেখাচ্ছে। সামনেই লোকসভা ভোট। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাকে কেন্দ্রের ভোটেও কাজে লাগাতে চায় বিজেপি। উনিশের লোকসভা নির্বাচনেও এমনটাই করেছিল গেরুয়া শিবির।  

RELATED Articles