বেশ কয়েক মাস ধরেই বাপের বাড়িতে ছিলেন স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল তাদের। গতকাল, সোমবার স্ত্রীকে বাড়িতে ডেকে আনেন স্বামী। এরপরই স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীকে আটক করে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার দুপুরে বাগুইআটি থানা এলাকার কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে। অভিযুক্ত স্বামীর নাম সঞ্জীব দে। জানা গিয়েছে, প্রায় সাত মাস ধরেই মহিলা বাপের বাড়িতেই থাকছিলেন। সোমবার আচমকাই স্ত্রীকে বাড়িতে ডেকে আনেন স্বামী। এরপরই তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্বামী।
এই ঘটনার পর মহিলার চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। তারাই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান বিধাননগর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় আহত হয়েছেন মহিলার স্বামীও। বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আটক করে মহিলার স্বামীকে।
ওই মহিলার স্বামীর দাবী, তিনি ইচ্ছা করে স্ত্রীর উপর অ্যাসিড হামলা করতে চান নি। আচমকাই গায়ে পড়ে গিয়েছে অ্যাসিড। জানা গিয়েছে, দু’জনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।






