চলতি মাসে ফের বাংলা সফর শাহ্’র! নাগরিকত্বের বিষয়ে আশ্বাস দিতে পারেন মতুয়াদের

২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই অবস্থায় বাংলায় নিজেদের মাটি শক্ত করতে তৎপর গেরুয়া শিবির। এই কারণেই চলতি মাসে ফের একবার বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০শে জানুয়ারি মতুয়াদের সঙ্গে সমাবেশই হবে, তাঁর এবারের সফরের প্রধান লক্ষ্য।

কেন্দ্রীয় নেতারা যাতে ঠাকুরনগরে সমাবেশ করেন, এই জন্য কিছু সময় ধরেই মতুয়া মহাসঙ্ঘের প্রধান তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর আর্জি জানান। অবশেষে তাঁর সেই ডাকে সাড়া দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ৩০শে জানুয়ারি ঠাকুরনগরে সভা করবেন অমিত শাহ, এমনটাই জানা গিয়েছে।

এবার রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তবে কী এবার স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করবেন। অনেকদিন ধরেই সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানান যে, সিএএ লাগু হলে মতুয়ারা যে নাগরিকত্ব পাবেন, তা যেন তাদের নিশ্চিত করে কেন্দ্র। মনে করা হচ্ছে, আগামী ৩০শে জানুয়ারি সশরীরে  ঠাকুরনগরে উপস্থিত থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্কের উপর যে বেশ নজর রাখছে বিজেপি নেতৃত্ব, তা বেশ স্পষ্ট।

দিন তিনেক আগেই শান্তনু ঠাকুরের দাবী মেনে নিয়ে বনগাঁ লোকসভাকে আলাদা সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করে গেরুয়া শিবির। এতদিন পর্যন্ত বারাসাত জেলার মধ্যেই ধরা হত বনগাঁকে। কিছুদিন আগেই শান্তনু ঠাকুর ও মতুয়াদের সমস্যার কথা শুনতে সেখানে যান বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু শান্তনুর মানভঞ্জন হয়নি। এরপরই গুঞ্জন উঠে শান্তনু নাকি তৃণমূলে যাচ্ছেন। শান্তনু বলেন, তাঁর কাছে আগে মতুয়াদের স্বার্থ, তারপর বিজেপি। কিন্তু তৃণমূলে যাওয়ার কথা অস্বীকার করেন তিনি। এরপরই একরকম শান্তনুর জোরাজুরিতেই ঠাকুরনগরে মতুয়াদের সঙ্গে সমাবেশে রাজী হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তবে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন্দ্র আদৌ কী ঠিক করছে, তা আগামী ৩০শে জানুয়ারি অমিত শাহ্‌’র সমাবেশেই জানা সম্ভব হবে।

RELATED Articles