‘অজুহাত’ দেখিয়ে দিল্লিতে ইডি-র হাজিরা এড়ালেন সুকন্যা, তদন্তকারী আধিকারিকরা কী তবে কড়া পদক্ষেপ নেবেন কেষ্ট-কন্যার বিরুদ্ধে?

ডাক পড়েছিল ইডি-র। দিল্লিতে গিয়ে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়ালেন সুকন্যা। আজ, বুধবার বেলা ১১টায় তাঁর হাজিরার কথা ছিল। তবে ই-মেল মারফত তিনি জানিয়েছেন যে তিনি হাজিরা দিতে যাচ্ছেন না। এদিকে, আজ দুপুর ২টোর সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে মণীশ কোঠারিকে।

অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর বেশ ঘনিষ্ঠ কয়েকজন ইডির নজরে ছিলেন। এই তালিকায় নাম ছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারির। নানান জায়গায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাদের জেরা করেছেন। তাদের থেকে একাধিক নথি চাওয়া হয়েছে।

দিন কয়েক আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হয়। এরপরই ১২ জনকে তলব করেছিল ইডি। তাদের অনুব্রত মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি, এমনও শোনা যাচ্ছিল। সেই ১২ জনের তালিকার প্রথমেই নাম ছিল মণীশ কোঠারির। গতকাল, মঙ্গলবারই তিনি হাজিরা দিয়েছিলেন। সাড়ে ৯ ঘণ্টা জেরার পর ইডি গ্রেফতার করে তাঁকে।

ওই তালিকার ২ নম্বরে নাম ছিল অনুব্রত কন্যা সুকন্যার। আজ, বুধবার দিল্লতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। শোনা গিয়েছিল, অনুব্রত, মণীশ ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কিন্তু ই-মেল মারফত নিজের শারীরিক অসুস্থতার কথা ইডি-কে জানিয়ে এই জেরা এড়ালেন অনুব্রত-কন্যা। ফের তাঁকে তলব করা হতে পারে বলেই জানা যাচ্ছে।

এদিকে, মঙ্গলবার মণীশ কোঠারিকে গ্রেফতার করার পর তার পরিবারের তরফে পোশাক ও চাদর দিয়ে যাওয়া হয়েছে বলে খবর। আজ তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। দুপুরে তাঁকে পেশ করা হবে আদালতে।

RELATED Articles