ভোট পরবর্তী মামলায় সিবিআইয়ের তলবের পরই হঠাৎ অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি হলেন এসএসকেএমে

হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসএসকেএমে-র উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে তাঁকে। শ্বাসকষ্ট রয়েছে তাঁর। এই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে ভোট পরবর্তী মামলায় সিবিআইয়ের তরফে তলব করা হয়েছিল তৃণমূল নেতাকে। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত। তাঁকে ফের দ্বিতীয়বার তলব করা হয়।

এরপর সিবিআইয়ের থেকে রক্ষাকবচ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।

হাইকোর্টে আবেদনের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এরপরই তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন এসএসকেএমের চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন গোপালনগর গ্রামে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিল করে স্থানীয় তৃণমূলের নেতারা। সেই বিজয় মিছিল থেকে গৌরব সরকারের উপর চড়াও হন একদল যুবক।

এদিন ঘটনাস্থলেই গৌরবের মৃত্যু হয় বলে দাবী। ঘটনার তদন্তে নেমে প্রথমেই দিলীপ মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। তিনি তৃণমূলের লোক বলেই অভিযোগ ওঠে। গ্রেফতারের পরদিনই ইলামবাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে সম্পাদককে একটি নোটিশ দেওয়া হয়। সেই ঘটনার তদন্তে সিবিআই তলব করে অনুব্রতকে। কিন্তু সেবার তিনি হাজিরা এড়িয়েছিলেন।

RELATED Articles