ফের একবার ঠিকানা বদল হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার আসানসোল সংশোধনাগার থেকে তাঁর বর্তমান ঠিকানা দিল্লির ইডি-র দফতর (ED Office)। গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) ধৃত তৃণমূল নেতাকে আপাতত তিনদিন ইডি-র হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা দূরে ১,৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে (Delhi) ইডি-র দফতরে প্রথম রাত কাটালেন কেষ্ট। আজ, বুধবার তদন্তকারীরা জেরা করবেন তাঁকে।
দোলের দিনই কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। এদিন রাতেই ভার্চুয়াল শুনানি হয় তাঁর। তারপর অনুব্রতকে নিয়ে যাওয়া হয় বিচারকের বাড়িতে। হালকা খাবার খান তিনি। জানা গিয়েছে, এদিন মিষ্টি খাওয়ার ‘আবদার’ করেন তিনি।
তবে সূত্রের খবর, অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে মিষ্টি দেওয়া হয়নি। দীর্ঘ যাত্রা হয়েছে গতকাল অনুব্রতর। কিন্তু তা সত্ত্বেও ইডি-র দফতরে নিদ্রাহীন রাতই কাটল তাঁর। আজ, বুধবার ভোরে ঘুম থেকে উঠে পড়েন তিনি।
সূত্রের খবর, অনুব্রতর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সকালে চা-বিস্কুট খেয়েছেন অনুব্রত। প্রাতরাশ সেরেছেন রুটি-সবজি দিয়ে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনেই কেষ্টকে খাবার দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাংলা কাগজ পড়তে চেয়েছেন অনুব্রত। তবে আজ হোলি থাকায় ব্যবস্থা করা সম্ভব হয়নি। পাশাপাশি বাড়ির খোঁজ খবর নিয়েছেন অনুব্রত। তাঁর মেয়ে সুকন্যা কেমন রয়েছেন, কী পরিস্থিতিতে রয়েছেন এসমস্ত জানতে চেয়েছেন কেষ্ট।
বিচারক নির্দেশ দিয়েছেন, ইডি-র দফতরে থাকাকালীন অনুব্রতর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। আজ, বুধবার বেলা ১১টার সময় অনুব্রতকে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই তাঁকে জেরা করবেন ইডি’র তিন আধিকারিক। এদিনের জেরায় নতুন কোনও তথ্য উঠে আসে কী না, এখন সেটাই দেখার।





