‘আমি কোনও দল করি না’, তৃণমূলের সুরে সুর মিলিয়েই বললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

গত শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালানোর পর পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার করে ইডি। তৃণমূলের তরফে এরপর বারবার জানানো হয়েছে যে অর্পিতার সঙ্গে দলের কোনও যোগ নেই। এবার সেই একই সুরে সুর মেলালেন অর্পিতা নিজেও। বললেন, “আমি কোনও দল করি না”।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ইডি মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ও ৫০লক্ষ টাকার গয়না উদ্ধার করে। অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। গতকাল, শনিবার পার্থ ও অর্পিতা দুজনকেই গ্রেফতার করে ইডি। অর্পিতা সম্পর্কে পার্থকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তিনি অর্পিতাকে চেনেন কিন্তু টাকার সম্পর্কে কিছু জানেন না।

আজ, রবিবার ইএসআই থেকে স্বাস্থ্যপরীক্ষার করে বেরোনোর সময় অর্পিতাকে তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি কোনও দল করি না”। তিনি আগেই জানিয়েছিলেন যে তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় এও বলেন যে তাঁর আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে, তৃণমূলের নানান নেতারা বারবার দাবী করে এসেছেন যে অর্পিতার সঙ্গে দলের যোগাযোগ নেই। কুণাল ঘোষ বলেন যে মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূলের কেউ নন, দলের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ২১শে জুলাইয়ের মঞ্চে অর্পিতার উপস্থিতি নিয়ে কুণাল বলেন, দলের কোনও অনুষ্ঠানে কার আমন্ত্রণে তিনি সেখানে উপস্থিত ছিলেন, সেই দায় দলের নয়।

RELATED Articles