আজ রাজ্যে চতুর্থ দফার ভোট। এদিন সকাল থেকেই নানান জায়গা থেকে উঠে এসেছে নানা অভিযোগের খবর। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে চার ব্যক্তি। ছাপ্পা ভোট আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবার ছাপ্পা ভোটার ধরতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
বাবুলের অভিযোগ, তৃণমূল মহিলাদের দিয়ে ছাপ্পা ভোট দেওয়াচ্ছে। এই খবর পেয়ে সেখানে এসে পৌঁছন বিজেপি প্রার্থী। পৌঁছে হাতেনাতে এক মহিলাকে ধরে ফেলেন তিনি। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বাংলায় বন্ধ ভোট!
বাবুলের কথায়, টালিগঞ্জ কেন্দ্রের ব্রহ্মপুরের ২৯১ নম্বর ছাপ্পা ভোট হচ্ছে বলে খবর পান তিনি। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেই বুথে যান তিনি। তাঁর দাবী, সেখানে পৌঁছনোর পর এক মহিলাকে দেখে সন্দেহ হয়। এরপর সেই মহিলাকে জিজ্ঞেস করতেই তিনি বাবুল সুপ্রিয়র পা ধরে বলেন যে তাঁর ছেলেকে নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপহরণ করেছে এবং তাঁকে ছাপ্পা ভোট দিতে বাধ্য করে। ওই মহিলার ভোটার কার্ড দেখলে জানা যায় জেসেই ভোটার কার্ড আসলে যার তিনি আসলে মৃত।
এরপর ওই মহিলাকে বুথের বাইরে নিয়ে আসেন তিনি। কিন্তু তখনই তাঁকে ঘিরে ধরে তৃণমূল মহিলা সমর্থকরা। বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এরই মধ্যে এক ছাপ্পা ভোটার পালিয়ে যায়। এরপরই পরিস্থিতি চরমে ওঠে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাবুল সুপ্রিয়কে পরিস্থিতির বাইরে নিয়ে যান।
আরও পড়ুন- “ওটা আমারই চ্যাটের অংশ”, অডিও টেপ ফাঁস বিতর্কে বিস্ফোরক স্বীকারোক্তি প্রশান্ত কিশোরের
এদিকে, ছাপ্পা ভোটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃনমূল। তাদের পাল্টা অভিযোগ, সকাল থেকে এই কেন্দ্রে স্বাভাবিকভাবেই ভোট চলছিল, বাবুল সুপ্রিয় আসার পর এখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে।





