যে দেশে নারীশক্তির আরাধনা করা হয়, মা লক্ষ্মীর বন্দনা করা হয়, সেই দেশেই এখনও অবহেলিত নারীরা। প্রতিনিয়ত নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচারের ঘটনার নজির সামনে আসে। এবার এই নারী নির্যাতন বন্ধ করতে এক অনন্য ভাবনার মধ্যে দিয়ে বার্তা দিলেন এক দম্পতি।
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। দিকে দিকে চলছে মা লক্ষ্মীর আরাধনা। পূর্ণিমার এই পুণ্য তিথিতে যখন সকলে মা লক্ষ্মীর কাছে ধনসম্পদ লাভের আশা করছেন, সেই সময় বাগচি পরিবারের সদস্যরা তাদের ঘরের সাড়ে চার বছরের শিশু কন্যাকে লক্ষ্মী সাজিয়ে সমস্ত রীতিনীতি মেনে তাকে পুজো করলেন।
এমন ঘটনা ঘটল নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা পাড়া এলাকায়। সেই এলাকার বাসিন্দা হলেন অর্জুন বাগচি ও তাঁর পরিবার। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে মা লক্ষ্মীর কাছে অর্থলাভের জন্য প্রার্থনা করেন নি তারা। সমাজের চিন্তাধারা যাতে পরিবর্তন হয়, নারীদের উপর যাতে বন্ধ হয়, শুধু সেই প্রার্থনাই বাগচি পরিবারের। তাদের কথায়, সমাজে যে ভাবে দিনদিন নারী নির্যাতন বাড়ছে, তাতে গোটা সমাজ চিন্তিত। সেই কারণেই নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তা দিতেই এমন এক উদ্যোগ নিলেন অর্জুন বাগচি ও তাঁর পরিবার।
কী জানাল বাগচি পরিবার?
এই প্রসঙ্গে বাগচী পরিবারের গৃহিনী অর্জুন বাগচীর স্ত্রী ঝুমা বাগচী বলেন, “কন্যা সন্তানকে তো পরিবারে লক্ষ্মী হিসাবেই মনে করা হয়ও। মাতৃশক্তির অন্যতম আধার হিসাবেও মনে করা হয়। সে কারণেই আমরা ঠিক করেছি দেবী লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই লক্ষ্মী হিসাবে সাজিয়ে পুজো করব। আমাদের একটা প্রার্থনা সমাজ থেকে দূর হোক শিশু নির্যাতন, নারী নির্যাতনের মতো অমানবিক ঘটনা”।





