মা কালীর মন্দির নির্মাণের নামে বেআইনিভাবে জমি দখল করে প্রোমোটারি, অভিযুক্ত খোদ পুরসভাই

প্রোমোটারির জন্য সাধারণ মানুষের হেনস্থা হওয়ার কথা মাঝেমধ্যেই উঠে আসে। এবার মা কালীর মন্দির নির্মাণেও উঠে এল প্রোমোটার রাজের অভিযোগ। মন্দির সংস্কারের নামে বেআইনিভাবে জমি দখল করে হয়েছে বলে অভিযোগ। এরপর সেই জমি বিক্রি করে দেওয়াও হয়েছে। আর এই কাজে অভিযুক্ত খোদ পুরসভাই।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। জানা গিয়েছে, দীর্ঘ তিন-চার মাস ধরে খিদিরপুর শ্মশানের চুল্লি বিকল হয়ে পড়ে রয়েছে। শুধু তাই-ই নয়, বালুরঘাট পুরসভা থেকে নানান দুর্নীতির অভিযোগও উঠেছে। এই নিয়ে সরব বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল।

এই প্রতিবাদে আজ, মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বালুরঘাটে মোটর কালী মন্দির নির্মাণের নামে প্রোমোটারি করা হচ্ছে। মন্দির সংস্কারের নাম করে বেআইনিভাবে জমি দখল করে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। বালুরঘাট খিদিরপুর  শ্মশানের চুল্লি দীর্ঘদিন ধরে বিকল পড়ে রয়েছে। পুরসভা নামমাত্র পরিষেবাও দেয় না। শহরের নানান এলাকায় আবর্জনার স্তূপ হয়ে রয়েছে।   

এমন সব অভিযোগ তুলে আট দফা দাবীতে প্রতিবাদে নামে বিজেপি। বিজেপির পক্ষ থেকে আট দফা দাবীতে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ডেপুটেশন দেওয়া হয়। তবে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র দুর্নীতির কথা অস্বীকার করেছেন।

তাঁর কথায়, “ওদের কাজ হচ্ছে বিরোধিতা করা। এই করে বিজেপি প্রচারের আলোয় থাকতে চায়। আর বালুরঘাট পুরসভা সবসময় তার নাগরিককে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles