অতঃপর প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ভবানীপুর কেন্দ্রের জন্য শেষ পর্যন্ত মহিলা প্রার্থীকেই বেছে নেওয়া হল গেরুয়া শিবিরের তরফে। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে লরবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
আজ, শুক্রবার একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয় বিজেপির তরফে। ভবানীপুর ছাড়াও এদিন আরও দুই কেন্দ্রে সাধারণ নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হলেন মিলন ঘোষ ও জঙ্গিপুরের বিজেপি প্রার্থী হলেন সুজিত দাস।
আরও পড়ুন- ইডি-র দফতরে আর হাজিরা দেবেন না, চিঠি দিলেন অভিষেক, ফের তলব করা হতে পারে সাংসদকে
একুশের নির্বাচনের সময় এন্টালি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে সেখানে পরাজিত হন তিনি। প্রিয়াঙ্কা পেশায় আইনজীবী। ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যজুড়ে ভোট পরবর্তী যে হিংসা শুরু হয়, তা নিয়ে আইনি লড়াই শুরু করেন এই প্রিয়াঙ্কাই। আইনজীবী হিসেবে বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছেন তিনি। এই কারণেই এই লড়াকু মহিলাকেই মমতার বিরুদ্ধে নামাল গেরুয়া শিবির।
ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে প্রিয়াঙ্কার উপর সম্পূর্ণ আস্থা রাখছে বিজেপি। এর পাশাপাশি নির্বাচনী প্রচারে নামার জন্য তারকার নামও স্থির করে ফেলেছে বিজেপি। এতে নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, নাম রয়েছে রুদ্রনীল ঘোষ প কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও।
ভবানীপুরের প্রার্থী বাছাই নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করেছে বিজেপি। প্রিয়াঙ্কা ছাড়াও বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়। নাম ছিল একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়া রুদ্রনীল ঘোষ, বোলপুর থেকে লড়া অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের। তবে সব শেষে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেই দলের তরফে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন- জমি না লিখে দিলে মায়ের মরদেহ দাহ করতে দেওয়া হবে না, কথা না শোনায় বিজেপি কর্মীকে বেধড়ক মার তৃণমূলের
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে এগিয়ে দেওয়ার বেশ কয়েকটি কারণ খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। প্রথমত, দলের তরফে দাবী তোলা হয়েছিল যে মহিলার বিরুদ্ধে লড়তে কোনও মহিলার মুখই চাই। দ্বিতীয়ত, ভবানীপুরের বাসিন্দাদের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে প্রিয়াঙ্কাকেই যোগ্য বলে মনে করা হচ্ছে।






