ফ্যাক্টর মতুয়া ভোট! ১০ বছরের জেতা বিধায়ককে প্রার্থীপদ দিল না বিজেপি! রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা

ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে গেরুয়া শিবির। সেখানেই দেখা যায় দশ বছরের বাগদায় জেতা বিদায়ী বিধায়ক দুলাল বরকে প্রার্থী পদ দেয়নি বিজেপি। তাঁর জায়গায় বাগদায় বিশ্বজিৎ দাশকে প্রার্থী করেছে বিজেপির‌ কেন্দ্রীয় নেতৃত্ব। হাতের তালুর মতো জায়গা চেনা দুলাল বরকে কেন‌ও প্রার্থী করা হল না তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন- সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী, ওবিসিদের জন্য ঢালাও সংকল্প গেরুয়া শিবিরের

এই ঘটনার পিছনে কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শান্তনু ঠাকুরের ইচ্ছাতেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে মতুয়া ভোটও ফ্যাক্টর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬-এ বাগদায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন মুকুল রায়ের একান্ত অনুগামী হিসেবে পরিচিত দুলাল। ২০১১-য় তাঁর পরিবর্তে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে প্রার্থী করে তৃণমূল। উপেন সে বার জিতলেও ২০১৬-য় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দুলাল তাঁকে হারান। মুকুল না থাকলেও ২০১৯-এ ফের তৃণমূলে ফেরেন দুলাল। এর পর মুকুলের হাত ধরেই বিজেপি-তে যান দুলাল। বিজেপি তাঁকে দলের রাজ্য এসসি-এসটি সেলের সভাপতি করে।

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

দুলাল বরকে বাগদার প্রার্থী না করায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল বলছে বার বার দল বদলানো দুলালের বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছিলেন স্থানীয় কর্মীরাই। ফেসবুকে নানা পোস্টের পাশাপাশি লাইভ করেও প্রচার চলছে দুলালের বিরুদ্ধে। যদিও বাগদার বিদায়ী বিধায়ক দুলাল তাতে আমল দিতে চাননি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যে তাতে গুরুত্ব দিয়েছে তা টিকিট না দিয়েই প্রমাণিত হল।

RELATED Articles