এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরের মত পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি দাঙ্গা বাঁধাতে চাইছে রাজ্যে, এদিন বৈঠকে বললেন মমতা। করোনা পরিস্থিতির মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা। সঙ্গে তিনি এও বলেন, এটা বিভেদ করার সময় নয়।
এদিন মমতা বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও একদল হিন্দু- মুসলমান করছে। দাঙ্গা লাগানোর জন্য টুইটারে নানা রকম জিনিস ছেড়ে দিচ্ছে। উপস্থিত সকলেই বুঝতে পারেন, মমতা কোন দলের কথা বলছেন। মমতা বলেন, হিন্দুর গায়ে লাগলেও আমার লাগে। মুসলমানের গায়ে লাগলেও আমার লাগে।
তবে তিনি যে আর এসব রেয়াত করবেন না তাও তাঁর কথাতে স্পষ্ট। জানিয়েছেন, লকডাউন ভেঙে যারা দাঙ্গা করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচনের তো এখনো ১ বছর দেরি। এত তাড়াতাড়ি দাঙ্গা বাঁধানোর কী আছে? সঙ্গে তাঁর হুঁশিয়ারি, বাংলার মানুষের একটা সহ্যের সীমা রয়েছে। তাঁরা এইসব বেশিদিন বরদাস্ত করবেন না।






