‘ভারতে শুরু হয়নি গোষ্ঠী সংক্রমণ’, অভয়বাণী আইসিএমআর-এর

দেখতে দেখতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি ছুঁতে চলেছে। এমনকি দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে কি দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে? কিন্তু এবার সেই জল্পনা উড়িয়ে দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তারা স্পষ্ট জানিয়ে দিল যে ভারতে গোষ্ঠী সংক্রমণ এখনও শুরু হয়নি।

বৃহস্পতিবার আইসিএমআরের তরফে বলা হয়েছে, ‘ভারত গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে নেই। আমাদের নমুনা পরীক্ষা এবং সংস্পর্শে আসা লোকদের খুঁজতে হবে, উপযুক্ত নজরদারি বজায় রাখতে হবে, কনটেনমেন্ট কৌশল রূপায়ণ করতে হবে। কোনওভাবেই রাশ আলগা করা যাবে না।’

যদিও দেশে করোনা সংক্রমণ কোনোভাবেই বন্ধ করা যায়নি। আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রিটেনের প্রায় কাছাকাছি চলে এসেছে ভারত। ব্রিটেনে এখন আক্রান্তের হিসাবে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯। যা ব্রিটেনের থেকে মাত্র কয়েক হাজার কম। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী ব্রিটেনে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯১,৫৮৮।

বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে ভারতের সংক্রমণ বাড়ছে তাতে ব্রিটেনকে টপকানো ভারতের শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আশার কথা এই যে, যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে, সেইভাবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

RELATED Articles

Leave a Comment