তবে কি আশঙ্কা সত্যি? আর দু, একদিনের মধ্যেই বিজেপিতে শুভেন্দু! বললেন আত্মবিশ্বাসী মুকুল রায়

বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় নাটকের যবনিকা পতন হতে আর দু’একদিন লাগবে।
কারণ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানিয়েছেন, ”আর দু, একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুভেন্দু অধিকারী। আশা করছি, তিনি বিজেপিতেই যোগ দেবেন।”
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতাকে নিয়ে এহেন মন্তব্যের পর যথারীতি ঝড় উঠেছে বাংলার রাজনীতিতে।
কি বলেছেন মুকুল‌ রায়? নিজের বক্তব্যে তিনি বলেন ”শুভেন্দুকে নিয়ে যে টানাপোড়েন চলছে, তাতে আগামী দু, একদিনের মধ্যেই ইতি পড়বে। উনি তো মন্ত্রিসভা ছেড়েছেন। সময়েই বলবে কোন পথে পা বাড়ান। তবে উনি বিজেপিতে যোগদান করবেন বলে আমি আশাবাদী।”
প্রসঙ্গত উল্লেখযোগ্য, তৃণমূল শুভেন্দু সম্পর্ক একেবারে শেষের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে।
রবিবার শুভেন্দু অধিকারীর সভা রয়েছে পূর্ব মেদিনীপুরে। সেই সভা থেকেই তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন বলে জল্পনা।
তবে সূত্র জানাচ্ছে, এক্ষুনি নয় হয়তো আর কটা দিন পর ঘোষনা করবেন শুভেন্দু।
তবে এর মাঝেই মুকুল রায়ের এই মন্তব্য স্বভাবতই শুভেন্দুকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের পালে আরও কিছুটা হাওয়া দিল।
মন্ত্রিত্ব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পথ ছেড়ে দেওয়ার পর শুভেন্দু তৃণমূলে থাকার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। নিজের দল গড়বেন না বিজেপিতে যাবেন? কোন পথে শুভেন্দু এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এই অবস্থায় গেরুয়া শিবির শুভেন্দুর মতো দুঁদে নেতাকে পেতে কার্যত মরিয়া হয়ে উঠেছে। বঙ্গের একাধিক বিজেপি নেতার কথাবার্তায় তা এখন সম্পূর্ণভাবে স্পষ্ট। কখনও দিলীপ ঘোষ, কখনও অর্জুন সিং, কখনও আবার মুকুল রায়ের মতো নেতারা শুভেন্দু অধিকারীকে আগাম স্বাগত জানাচ্ছেন। তবে মুকুল রায়ের সাম্প্রতিকতম বক্তব্যে যেন বেশ খানিকটা আত্মবিশ্বাসের সুর। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্ভরযোগ্য সেনাপতির রাজনৈতিক পরিচয় পালটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা?

RELATED Articles