গঙ্গার ঘাটে গিয়ে রীতিমতো মন্ত্র পড়ে, জজ্ঞ করলেন। মাথা কামিয়ে করলেন প্রায়শ্চিত্তও। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে মহালয়ার দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সৈনিক হিসেবে নিজেকে পরিচিতি দেবেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস।
তিনি নিজেই জানিয়েছেন যে মোহভঙ্গ হয়েছে তাঁর। এই কারণেই এমন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আর আস্থা রাখতে পারছেন না আশিস। বিগত বেশ কিছুদিন ধরেই দলবিরোধী কথাবার্তা শোনা যাচ্ছিল বিধায়কের গলায়। এরপরই তাঁর দলবদলের জল্পনাও চূড়ান্ত হয়। এসবের মাঝেই গতকাল, সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আশিস দাস বলেন, “উপনির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ার পর, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধী মুখ হয়ে ওঠার রাস্তা আরও পরিস্কার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এখনও অবধি আমরা দেশে কোন বাঙালী প্রধানমন্ত্রী পাইনি। আমি চাই- দেশ শাসন করছেন একজন মা, মাতৃশক্তিই ধ্বংস করবে সকল অশুভ শক্তিকে”।
বর্তমানে কলকাতাতেই রয়েছেন আশিস। মোহভঙ্গ হওয়ায় মঙ্গলবারই কালীঘাটের আদি গঙ্গাঘাটে প্রায়শ্চিত্ত করলেন তিনি। জজ্ঞ করে, মন্ত্র পড়ে, সমস্ত নিয়ম মেনে সমস্ত কাজ করলেন বিধায়ক। মাথাও কামিয়ে করলেন গঙ্গাস্নান। সূত্রের খবর অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে গতকাল, মহালয়ার দিনই নিজের তৃণমূলী যাত্রা শুরু করবেন তিনি।
বরাবর আরএসএসের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এই আশিস দাস। তিনিই দলছুট হওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে ত্রিপুরার বিপ্লব দেবের সরকার। দীর্ঘদিন ধরেই আশিস বিজেপি করছেন। ফলে তাঁর মুখ থেকে দলের বিরুদ্ধে এমন মন্তব্য গেরুয়া শিবিরকে কার্যত বেশ চিন্তায় ফেলেছে।





