‘চোরেরা তৃণমূল করে, তৃণমূলের ভালো নেতারা বিজেপিতে যোগ দিতে চান’, দলবদলের জল্পনা উড়িয়ে শাসকদলকে তোপ হিরণের

গত কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) কী তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন? এতদিন মুখ না খুললেন এবার এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, তিনি বিজেপিতেই থাকবেন। হিরণের কথায়, “চোরদের দলে যাওয়ার কোনও প্রশ্নই নেই”।

কিছুদিন আগেই তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে একই সোফায় বসে একটি ছবি ভাইরাল হয় হিরণের। ছবির ব্যাকড্রপে ছিল তৃণমূলের লোগোর ছবি। তা থেকেই জল্পনা শুরু হয় যে হিরণ তৃণমূলে যোগ দিচ্ছেন। এতদিন চুপ থাকলেও আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন খড়গপুরের বিধায়ক।

তিনি সাফ জানিয়ে দেন যে এই ছবি পুরোপুরি ভুয়ো। হিরণের দাবী, প্রযুক্তি ব্যবহার করে এই ছবি বানিয়ে ভাইরাল করা হয়েছে। তাঁর আশঙ্কা, এভাবে অনেক কিছুই করা সম্ভব। তিনি এও বলেন যে তৃণমূলে থাকাকালীন তিনি বহুবার অনেক তৃণমূল নেতা এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই গাড়িতে ঘুরেছেন, একই হোটেলে থেকেছেন। সেই পুরনো ছবিও পরবর্তীকালে ব্যবহার করা হতে পারে বলে জানান তিনি। হিরণের স্পষ্ট জবাব, তিনি তৃণমূলে যাবেন না।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে তৃণমূল যদি একটু দরজা ফাঁক করে, তাহলেই বিজেপির বহু নেতা চলে আসবেন তৃণমূলে। তাঁর সেই মন্তব্যের এবার তাঁকে পাল্টা দিলেন হিরণ। তাঁর কথায়, “দরজা নয়, জানলা সামান্য খুললেই তৃণমূলে যে ভালো নেতারা রয়েছেন তাঁরা বিজেপিতে চলে আসবেন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে যোগ দেবেন”।

এরপরই দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে তোপ দাগেন খড়গপুরের বিধায়ক। বলেন, “মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন, কিন্তু পরে দেখা গিয়েছে সবাই চোর”। পার্থ চট্টোপাধ্যায়-সহ নানান নেতার পাশাপাশি এদি আকারে-ইঙ্গিতে তারকা-সাংসদ দেবকেও বিঁধলেন তিনি। সব মিলিয়ে হিরণ এদিন স্পষ্ট করে দেন যে তাঁর লড়াইটা তৃণমূলের বিরুদ্ধেই। উদ্দেশ্য মানুষের পাশে থাকা। কোনওভাবেই তিনি তৃণমূলের সঙ্গে যে হাত মেলাবেন না, তা সাফ জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক।

হিরণের এই মন্তব্য নিয়েব পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “তৃণমূলের দরজায় কড়া নেড়ে বিফল হয়ে এসব বলছেন হিরণ”। তিনি এও প্রশ্ন করেন যে মুখ খুলতে এতদিন কেন সময় লাগল? যদিও হিরণ আগেই জানিয়েছিলেন যে মধ্যপ্রদেশ থেকে দুবাই চলে যাওয়ায় ছবি বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে পারেন নি তিনি।

আরও অন্যান্য খবর