পঞ্চম দফা ভোটের দিনও একাধিক কেন্দ্র থেকে আসছে অশান্তির খবর। সকাল থেকেই মিনাখাঁ বিধানসভার তেলিনিপাড়া থেকে নানান অশান্তির খবর আসছিল। এবার এক বিজেপি এজেন্টকে মারধর করে তাঁর মাথা ফাটানোর খবর মিলল।
ঘটনাটি ঘটেছে মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের তেলিনিপাড়া ৮০ নম্বর বুথে। আক্রান্ত ওই বিজেপিই এজেন্টের নাম সিদ্ধে প্রামাণিক। অভিযোগ, তৃণমূল-বিজেপির সংঘর্ষের কারণেই মাথা ফেটেছে ওই বিজেপি এজেন্টের। ওই পোলিং এজেন্ট জানিয়েছেন, হঠাৎই ৭০-৮০ জন মিলে তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর চালায়। অন্য এক বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। মারধরের কারণেই তাঁর মাথা ফাটে বলে জানান সিদ্ধে প্রামাণিক।
আরও পড়ুন- শান্তিনগরে অশান্ত পরিস্থিতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলাকে রাস্তায় ফেলে মার, লাঠিচার্জ পুলিশের
নিখোঁজ ওই পোলিং এজেন্টের নাম ভানু ভুঁইয়া। সকালেই খবর পাওয়া যায় যে বিজেপি ওই পোলিং এজেন্ট নিখোঁজ। সকাল ১১টা পর্যন্তও তাঁর কোনও খবর মেলেনি। তেলিনিপাড়ার ৮০ নম্বর বুথে বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।
আরও পড়ুন- সাধারণ মানুষকে ভোটদানে বাধা, বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ, পথ অবরোধ করে প্রতিবাদ, কাঠগড়ায় তৃণমূল
এই গোটা ঘটনা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। তবে, বিজেপির দাবী, তাতে করে বিশেষ কোনও লাভ হয়নি। কারণ, গোটা এলাকা তৃণমূল ঘিরে রেখেছে বলে ক্ষোভে ফেটে পড়েন মিনাখাঁর বিজেপি প্রার্থী। অন্যদিকে, তৃণমূলের দাবী, অর্ধেকের বেশি আসনে এজেন্টই দিতে পারেনি বিজেপি, তাই এই বিক্ষোভ।





