আজ রাজ্যে পঞ্চম দফার ভোট। এদিন ৫ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। কিন্তু এদিন সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। চারিদিক থেকে উঠে আসছে নানান অভিযোগ। এরই মধ্যে রানাঘাট বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ মানুষের অভিযোগ যে তাদের ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
চাঁদমারি-সুকান্তনগরের ভোটারদের অভিযোগ, তারা যখন ভোট দিতে যায়, তাদের বুথের ভিতরে ঢুকতে বাধা দেয় তৃণমূলের লোকজন। বুথের ২০০ মিটারের মধ্যে থেকেই তাদের বের করে দেওয়া হয়। বুথের বাইরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, বাইক বাহিনী জমায়েত করেছে। এমনও বলা হয়েছে যে তাদের ভোট দিতে হবে না, তাদের ভোট নাকি তৃণমূলের লোকেরাই দিয়ে দেবে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন সাধারণ মানুষ। কল্যাণী-গয়েশপুর বাইপাস অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, গত লোকসভা নির্বাচনেও এমনটাই করা হয়েছিল, তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবার ফের একবার তাই-ই করা হচ্ছে।
আরও পড়ুন- শীতলকুচি নিয়ে নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রীর, বিজেপির হাতে ফাঁস মমতার অডিও!
সাধারণ জনগণের দাবী, বুথে ঢোকার প্রত্যেক গলিতে একজন করে তৃণমূলের লোক বসে আছে যাতে তারা ঢুকতে না পারেন। তারা বিজেপির সমর্থক, তাই তাদের সঙ্গে এমনটা করা হচ্ছে বলে দাবী তাদের। তারা এও জানান যে কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে রয়েছে, ফলে তাদের কাছে অভিযোগও জানাতে পারেননি তারা।
তবে পরের দিকে কেন্দ্রীয় বাহিনী খবর পেয়ে সেখানে পৌঁছয়। এমনকি ‘কুইক রেসপন্ড টিম’ও পৌঁছয় সেই জায়গায়। বুথের বাইরের জমায়েত হটান তারা। এরপর কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে পথ অবরোধ তুলে নেন সাধারণ জনগণ।





