আগামীকাল অর্থাৎ ২৬ শে নভেম্বর বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন ডেকেছে সাধারণ ধর্মঘট। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন বাম ও কংগ্রেস নেতা এই সাধারণ ধর্মঘট সফল করার জন্য আবেদন করে যাচ্ছেন শ্রমিকদের কাছে। শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য এই ধর্মঘট সফল করার জন্য ভিডিওবার্তা দিয়েছেন।
এবার এই সাধারণ ধর্মঘট এর বিরুদ্ধে মুখ খুললেন শিলিগুড়ির বিজেপি নেতা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস। তিনি সাফ জানিয়ে দিলেন এই বন্ধ আসলে একটি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ। তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে বর্তমানে করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতি যেখানে তলানিতে ঠেকেছে সেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসের ডাকা এই শ্রমিক ধর্মঘট আসলে সর্বনাশের ইঙ্গিত ছাড়া আর কিছু নয়।
তিনি বামেদের সরাসরি একহাত নিয়েছেন। বাংলায় তাদের ৩৪ বছরের অপশাসন নিয়েও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেছেন, “যারা সেইসময় ১০ বছর বয়সী ছিল তাদের বামেদের ৩৪ বছরের শাসনকালের পর বয়স বেড়ে দাঁড়িয়েছে ৪৪ বছর কিন্তু বাম সরকাল তাদের কোনো আশার আলো দেখাতে পারেনি।”
এরপরেই বামেদের কম্পিউটার বিরোধিতার প্রসঙ্গও টেনেছেন তিনি। তাঁর দাবি, সেই সময় বা আমাদের কম্পিউটার বিরোধিতার জন্যই আজ বাংলা দেশের অন্যান্য রাজ্য থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
তাই সাধারণ মানুষ যেন রাজ্যের পক্ষে ক্ষতিকারক শক্তিগুলিকে চিনে রাখে এবং তাদের ডাকা সাধারণ ধর্মঘট সমর্থন যেন না করেন, এরকমটাই আবেদন জানিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতা।





