একদিকে ভয়াবহ করোনা পরিস্থিতি অন্যদিকে বিধানসভা নির্বাচন দুইয়ে মিলিয়ে জেরবার পশ্চিমবঙ্গ। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও ক্ষমতা জেতার লোভ এতটুকুও কমেনি রাজনীতিকদের। তাই তো মানুষের জীবনকে বিপন্ন করে প্রত্যেকটা মুহূর্তে ফায়দা লোটার চেষ্টা করছেন তাঁরা।
বক্তব্য, ভাষা কোনও কিছুতেই লাগাম নেই। ইতিমধ্যেই ষষ্ঠ দফার নির্বাচন শেষ। বাংলায় আর বাকি দুই দফার নির্বাচন। সপ্তম দফার নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা দেখা যাচ্ছে। আর তা কড়া হাতে দমন করছে পুলিশ। প্রয়োজনে গ্রেফতার করতে হচ্ছে। গুলি চালাতে হচ্ছে এবং ধরপাকড় করতে হচ্ছে। এই বিষয়গুলি একেবারেই না-পসন্দ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাই প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য পুলিশকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি শনিবার সকালে কলেজ স্কোয়ারে বলেন, ‘আমরা ঠিক করেছি সব পুলিশকর্মীকে একটা করে মেরুদণ্ড লাগিয়ে দেব।’
বিজেপির প্রদেশ অধ্যক্ষের এহেন মন্তব্যের পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে পুলিশ মহলে।
পুলিশের বিরুদ্ধে শনিবারই তপসিয়ায় ভোটার স্লিপ বিলি করার সময় মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। গতকাল বেলগাছিয়া ট্রাম ডিপো এলাকায় বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের উপর আক্রমণ নেমে আসে। এমনকী কয়েকদিন আগে এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে থানার সামনেই মারধর করার অভিযোগ তুলেছিল বিজেপি। এইসব পরপর ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশ আর তৃণমূল কংগ্রেস এখন আর কোনও তফাৎ নেই। আমরা ক্ষমতায় এসে পুলিশদের মেরুদণ্ড লাগিয়ে দেব। যাতে সোজা হয়ে দাঁড়াতে পারেন তাঁরা।’