জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক যেনও শেষ হওয়ার নয়। বঙ্গ নির্বাচনে উত্তাপ ছড়াচ্ছে এই স্লোগান। এদিন বুথ পরিদর্শনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকেও। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকে ঘটেছে এই ঘটনা l
নন্দীগ্রামের মতো পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরেও নির্বাচন। সকাল থেকেই এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী সোহম। এদিন বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা।
আরও পড়ুন- ভোটের দিন সকালে নন্দীগ্রামে প্রায় ৮০টি বুথে দেখাই মিলল না তৃণমূলের কোনও এজেন্টের
ধৈর্য্যের পরীক্ষা দিয়ে প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। কিন্তু নাছোড় বিজেপি সমর্থকেরা। স্লোগান দিতে দিতে তারা তারকা প্রার্থীর গাড়ির কাছেও পৌঁছে যান। গাড়ির খুব কাছে তারা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন চন্ডীপুরের তৃণমূল প্রার্থী। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী। জওয়ানরা থাকা সত্ত্বেও এভাবে জটলা করে কীভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সম্ভব? প্রশ্ন তোলেন তারকা। এরপরই সক্রিয় হন জওয়ানরা। জটলা ভেঙে বিজেপি সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলেন।





