গত সপ্তাহে নির্বাচনের জন্য প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। বাকী ২৩৪টি আসনে এখনও নাম ঘোষণা হয়নি। তবে আজ, শনিবারের মধ্যেই সেই নাম চূড়ান্ত করে ফেলবে বিজেপি। এরপর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
আজ, শনিবার বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে এই ২৩৪টি আসন নিয়ে আলোচনা করছেন তিনি। এ বৈঠকে উপস্থিত রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিত মালব্য, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়র মতো নেতারা।
আরও পড়ুন- নির্বাচনের আগে ফের বড় ধাক্কা, দলের ১০ জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা
বিজেপি সূত্রের খবর, ২৩৪ আসনের প্রার্থী নিয়ে নিজেদের মতামত জানাবেন রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা দলের নেতারা। যদি কোনও আসন নিয়ে কারোর মধ্যে মতবিরোধ হয়, তাহলে তা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেই নিরসন হবে। তবে চূড়ান্ত তালিকা বেছে নেবেন অমিত শাহ্ই।
এই বৈঠকে চূড়ান্ত হওয়া তালিকা যাবে বিজেপির সংসদীয় কমিটির কাছে। সেখানে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তালিকায় সিলমোহর পড়বে। আগামী রবিবার সন্ধ্যের মধ্যেই সেই তালিকা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে ২৩৪ আসনের তালিকা একসঙ্গে প্রকাশ হতে পারেন আবার তৃতীয় থেকে পঞ্চম দফা তালিকাও প্রকাশ হতে পারে। বাকী তিন দফার তালিকা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
আগামীকাল, রবিবারই ভোট প্রচারের জন্য রাজ্যের আসছেন অমিত শাহ। এরপরই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে দেরী করতে চাইছে না বঙ্গ বিজেপি। মোদী বা শাহ্’র সভা থেকেও প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন- নন্দীগ্রামকাণ্ডে নয়া মোড়! পুলিশ সুপারের কাছে আরও বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
বাংলার মসনদ দখলে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমেছে বিজেপি। কিন্তু এখনও পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা না হওয়ায় কিছুটা পিছিয়ে পড়তে হচ্ছে বঙ্গ বিজেপিকে। অন্যদিকে তৃণমূল, বামেরা, ইতিমধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়াল লিখন জোরকদমে শুরু করে দিয়েছে।





