ভোটের আবহের মধ্যেই ফের উত্তপ্ত হল নানুর। দফায় দফায় বোমাবাজিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থী যাতে প্রচার বা করতে পারেন, এ কারণেই বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিজেপি তরফে এই অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।
আজ, সোমবার, নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে প্রচারে আসার কথা নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারক সাহার। তাঁকে আটকাতেই এই বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন- ভালোই ব্যবসা চলছে, সবকটার পাখনা কাটব, শাসকদলকে বেলাগাম আক্রমণ মিঠুনের
বিজেপির অভিযোগ, গতকাল রবিবার বিকেলে নানুরের বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে তারক সাহার প্রচার করতে যান। তখনও তাঁকে বাধা দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়েন তিনি। এমনকি, তৃণমূলের বিরুদ্ধে দু’রাউন্ড গুলি চালানোরও অভিযোগ তোলা হয়, এরপরই দু’দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির
তবে এসমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে। পাল্টা তাদের দাবী, বিজেপির গোষ্ঠীদ্বন্দের জেরেই এই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। প্রসঙ্গত, গতকাল রাতেই ঘটনাস্থল থেকে দু’দলেরই বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।






