লোকসভা নির্বাচনের আগেই বড় ভাঙন নিশীথের গড়ে, খোদ কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই যোগ দিলেন তৃণমূল

সামনেই লোকসভা নির্বাচন। এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। এরও মধ্যে শুরু হয়েছে দলবদলের হিড়িকও। এবার ভাঙন ধরল খোদ কেন্দ্রীয় মন্ত্রীর গড়েই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই ভাই যোগ দিলেন তৃণমূলে। এই নিয়ে নিশীথ প্রামাণিক কোনও প্রতিক্রিয়া দেন নি এখনও পর্যন্ত।

কী ঘটল ঘটনাটি?

গতকাল, বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিনই তৃণমূলে যোগ দেন নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই। এদিন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুনীল বর্মন ও জগদীশ বর্মন। এরা দুজনেই ভেটাগুড়ির বাসিন্দা।

এদিন তৃণমূলকে যোগ দেওয়ার পর সুনীল বর্মন দাবী করেন, বিজেপিতে তারা কোনও গুরুত্ব পান না। দীর্ঘদিন কোনও সুযোগ সুবিধাও পাননি। সেই কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই যোগদান নিয়ে মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য, “যাঁরা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাঁদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে”।

প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের মদ্ভ্যে দ্বৈরথ কারোরই অজানা নয়। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, বাকযুদ্ধ চলতেই থাকে। একে অপরকে শানাতে কসুর করেন না কেউই। সম্প্রতি রাজনৈতিক কারণেই উত্তপ্ত হয়েছিল ভেটাগুড়ি। সেখনে হামলার মুখে পড়েছিলেন উদয়ন গুহ।

সেই সময় উদয়নের দাবী ছিল, নিশীথ প্রামাণিকের লোকজন নাকি তাঁর উপর হামলা চালিয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী সেই অভিযোগ খারিজ করে দেন। তিনি এও কটাক্ষ করেন যে ভেটাগুড়িতে তৃণমূলের সংগঠন দুর্বল। এর কয়েকদিনের মধ্যেই নিশীথ প্রামাণিকেরই দুই তুতো ভাই তৃণমূলে যোগ দেওয়ায়, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।   

RELATED Articles