চার পুরসভার নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে মোট ৪টি মামলা দায়ের করেছে রাজ্য বিজেপি। এর মধ্যে আজ, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হয়। এই শুনানিতে বিজেপির হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এবার বাকি ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানানো হয়েছে।
আগামী ২৭শে ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় ভোট। এই নির্বাচনের অন্তত ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানানো হয় বিজেপির তরফে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করানোর আর্জিও জানান বিজেপির আইনজীবী।
বিজেপির দাবী, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক এবং নিরপেক্ষ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হোক। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ভোটে আদালতের নির্দেশ মানা হয়নি, সেই কারণে কমিশনের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন করেছে গেরুয়া শিবির।
এছাড়াও বিজেপির তরফে এও অভিযোগ তোলা হয়েছে যে বজবজ, দিনহাটা, তারকেশ্বরের মতো একাধিক পুরসভায় তাদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি। একাধিক জনস্বার্থ মামলার অভিযোগের ভিত্তিতে তাই রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে উচ্চ আদালত। আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে এই হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, চার পুরনিগমে নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও যাবতীয় ভোটের নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। চার পুরনিগমের ভোটে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। এরই সঙ্গে, বাকি ১০৭টি পুরসভা নির্বাচনে সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানানো হয়। আর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ির ইভিএম সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।





