‘পুজো কমিটিগুলো নিজেদের ভগবানের চেয়েও বড় মনে করে’, স্কুলের রাস্তা দখল করে পুজো করায় পুজো কমিটিকে তুলোধোনা হাইকোর্টের

বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের বাইরের রাস্তা দখল করে আয়োজন করা হয়েছিল জগদ্ধাত্রী পুজোর। তা নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই পুজো কমিটিকে তুলোধোনা আদালতের। বিচারপতির পর্যবেক্ষণ, পুজো কমিটিগুলো ভাবে তারা ভগবানের চেয়েও বড়।

বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের রাস্তার একাংশ দখল করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে পুজো কমিটি। এই নিয়ে আদালতে মামলাকারীর অভিযোগ ছিল, গোটা বছর ধরে কোনও না কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে রাস্তা দখল করে নেওয়া হয়। তারস্বরে লাউডস্পিকার বাজানো হয়। অপর পক্ষের তরফে জানানো হয়, তারা সিঙ্গল বেঞ্চের থেকে অনুমতি নিয়েই পুজো করছে।

এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে যান মামলাকারীরা। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। আজ, শুক্রবার ছিল এই মামলার শুনানি। শুনানিতে পুজো কমিটিকে রীতিমতো তুলোধোনা করলেন প্রধান বিচারপতি।  

জানা গিয়েছে, এদিন পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, “বিশেষভাবে সক্ষমদের জন্য় একটি স্কুল রয়েছে। আপনাদের পুজো কমিটির সেটা নিয়ে একটা ভাবনার দরকার ছিল। বিশেষত সেই সমস্ত শিশুদের জন্য় যারা বিশেষভাবে সক্ষম। আপনাদের কমিটি ভাবছে তারা ভগবানের থেকেও বড়। ভগবানের মূর্তির জায়গায় আমরা দেখছি আপনাদের কমিটির সদস্যদের ছবি রয়েছে। সভাপতি ভাবছেন তিনি মূর্তির থেকেও বড়। আসলে এগুলো হল ইগো। আপনাদের এলাকার মানুষদের প্রতি আপনার কিছু কিছু সম্মান থাকা দরকার”।

আরও পড়ুনঃ ‘ডাক্তারদের আন্দোলন শেষ, ওরা মার্কেট থেকে বেরিয়ে গেছে’, দাবী মদনের, আর জি করের নির্যাতিতার মা-বাবাকেও কটাক্ষ তৃণমূল নেতার

বলে রাখা ভালো, রাজ্যের নানান জায়গাতেই রাস্তা দখল করে পুজো করার উদাহরণ আগেও দেখা গিয়েছে। আর তা নিয়ে আপত্তিও জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু এই ঘটনা কমেনি। তবে এই বিষয় নিয়ে এদিনের কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

RELATED Articles