শিক্ষিকা হয়ে বিপুল সম্পত্তির মালিকানা কীভাবে? জিজ্ঞাসাবাদের পর অনুব্রত-কন্যার কাছে নথি তলব সিবিআইয়ের, ফের জেরা করা হতে পারে সুকন্যাকে

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সিবিআইয়ের নজরে রয়েছে ভোলে ব্যোম চালকল। অনুব্রত মণ্ডলের ওই চালকলে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এবার ওই চালকলের বিষয়ে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কাছ থেকে সমস্ত নথি তলব করল সিবিআই। সুকন্যাকে বাড়ি গিয়ে জেরা করেছে সিবিআই। তাঁর বিপুল সম্পত্তির উৎস আসলে কী, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে খবর।

সিবিআই সূত্রের খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার কেষ্ট-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের পর ভোলে ব্যোম চালকলের সমস্ত নথি চেয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখার পর ফের সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ভোলে ব্যোম চালকল আসলে কার নামে, আগে এর মালিকানা কার নামে ছিল, তা খতিয়ে দেখছে সিবিআই।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার সিবিআইয়ের তরফে সুকন্যাকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল, তার বেশিরভাগেরই উত্তরেই হ্যাঁ বা না বলেছেন তিনি। এর পাশাপাশি সম্পত্তির হিসেব সম্পর্কিত প্রশ্ন করলে সুকন্যা সিবিআই আধিকারিকদের জানান যে সবকিছু জানেন মনীশ কোঠারি (অনুব্রতর হিসাব রক্ষক)। মূলত কেষ্ট-কন্যার সম্পত্তির দিকে নজর রেখেছে সিবিআই।

এর আগেও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়িতেও গিয়েছিলেন তারা। কিন্তু সেই সময় সুকন্যা জানান যে তাঁর মানসিক অবস্থা ভালো নেই তাই তিনি সিবিআই-য়ের মুখোমুখি হন নি।

বোলপুরের সিয়ান এলাকায় অনুব্রত মণ্ডলের যে বাগানবাড়ি রয়েছে, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের। মাস সাতেক আগে অনুব্রত ১ বিঘা ৬ কাঠা জমি কিনেছিলেন। যাঁরা এই জমি বিক্রি করেছিলেন সেরকম ২ জনকেও গতকাল, শুক্রবার ডেকে পাঠায় সিবিআই।

এর আগে শেখ নৌসার ও শেখ হাবিবুর নামে দুই ব্যক্তিকে তলব করা হয়েছিল। জমি কেনার সময় অনুব্রতর সঙ্গে তাঁদের ঠিক কী ধরনের কথোপকথন হয়েছিল তা জানতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। তবে এবার চালকলের নথি পেলে তদন্তে সুবিধা হবে বলে মনে করছে সিবিআই।

RELATED Articles