আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্য আপাতত উত্তাল। সিবিআই তদন্ত করছে এই ঘটনার। এবার ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর জি কর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে খবর।
গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। সেই ঘটনার পর থেকেই প্রতিবাদমুখর হয়েছে সকল স্তরের মানুষ। রাজ্যের নানান প্রান্তে চলছে মিছিল, আন্দোলন। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এবার এই কাণ্ডেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল মীনাক্ষী মুখোপাধ্যায়কে।
আর জি করের ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট ‘রাত দখলের কর্মসূচি’র ডাক দেওয়া হয়েছিল। এদিন রাজ্যের নানান প্রান্তে মাঝরাতে চলে আন্দোলন। এদিন আর জি করের সামনে বামেদের যুব সংগঠনেরও কর্মসূচি ছিল। অবস্থান বিক্ষোভ দেখান মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
এদিনই মাঝরাতে আর জি করে হামলা করে এলদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয় হাসপাতাল। জুনিয়র চিকিৎসকদের উপরও হামলা চলে। অভিযোগ, তথ্যপ্রমাণ লোপাটের জন্যই এই হামলা চালানো হয়েছিল। সেই সময় ওই জায়গায় অবস্থান বিক্ষোভ চলছিল মীনাক্ষী মুখোপাধ্যায়দের। সেদিন ওই রাতে ঠিক কী হয়েছিল, সে বিষয়ে জানান্র জন্যই তাঁকে তলব করেছে সিবিআই।
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে নিরাপত্তা শিকেয়! হাসপাতালের মধ্যেই চলছে পূর্ত দফতরের কর্মীদের দেদার মদের আসর, তুমুল উল্লাস, ঘটনা সামনে আসতেই বিতর্ক
আজ, বৃহস্পতিবারই মীনাক্ষীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও একবার তাঁকে তলব করেছিল সিবিআই। তবে সেই সময় রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তবে আজ ১১টার সময় তিনি হাজিরা দেবেন বলেই জানা যাচ্ছে।





