সরকারি হাসপাতালে নিরাপত্তা শিকেয়! হাসপাতালের মধ্যেই চলছে পূর্ত দফতরের কর্মীদের দেদার মদের আসর, তুমুল উল্লাস, ঘটনা সামনে আসতেই বিতর্ক

আর জি কর কাণ্ডের জেরে সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবীতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আর জি করের তরুণী চিকিৎসক নিজের কর্মস্থলেই ধর্ষিত ও খুন হন। যখন হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই সময় দাঁড়িয়ে ফের হাসপাতালের মধ্যে থেকে উঠে এল ভয়াবহ ছবি। হাসপাতালের মধ্যেই চলছে মদের আসর।

ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানকার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে (যদিও ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪৭)। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যেই একটি ঘরে বসে জেলা হাসপাতালের কর্মীরা মদ্যপান করছেন। নদিয়া কৃষ্ণনগর জেলা হাসপাতালের পিডব্লিউডি-র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে এই মদের আসর বসেছিল বলে খবর।

জানা যাচ্ছে, শুধুমাত্র মদ্যপান নয়, হাসপাতালের মধ্যে রীতিমতো উল্লাস চলছিল। সেই ছবি তুলতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। সাংবাদিকদের ক্যামেরাও ছনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, হাসপাতালের মধ্যে কর্মীরা এমন ঘটনা ঘটান কীভাবে? এই ঘটনা সামনে আসতেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে আটক করে পূর্ত দফতরের ইলেকট্রিক কর্মী-সহ দু’জনকে।

এই ঘটনায় হাসপাতালের সুপার জয়ন্ত সরকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, “হাসপাতালের মধ্যেই PWD-র একটি ইলেকট্রিক্যাল অফিস রয়েছে। সেখানেই এমন কাণ্ড ঘটেছে। পুলিশের মদতে হাসপাতালে বহিরাগতরা ঢুকে মদ্যপান করছিল। আমাদের হাসপাতালের কোনও স্টাফ ঘটনার সঙ্গে জড়িত নন। বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়”।

আরও পড়ুনঃ ‘বিনীত গোয়েলের থেকেও ভয়ঙ্কর, সিপিএম জমানায় তৃণমূলকেই খুন করাতেন, বিজেপির লোককে মেরেছেন’, নতুন পুলিশ কমিশনার মনোজ ভর্মার সার্টিফিকেট দিলেন অর্জুন 

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর থেকেই নানান সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তার দাবীতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। এমন আবহে ফের হাসপাতালের মধ্যেই এমন এক কাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন ঘটনা একদিকে যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনই আবার ফের হাসপাতালে সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও আরও একবার প্রশ্ন তুলেছে।

আরও অন্যান্য খবর