গতবছরের চরম ব্যর্থতার পর এই বছর ফের সেই সমস্যার মুখোমুখি হতে চলেছে CESC।
ঘূর্ণিঝড় যশে’র কারণে হতে চলা বিপর্যয়কে মাথায় রেখে আজকের সাংবাদিক বৈঠকে অভিজিৎ ঘোষ জানান, বুধবার ঝড়ের দিন কলকাতা ও শহরতলির বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে।
এছাড়াও এবার পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী নামাচ্ছে সংস্থা। ভিপি জানিয়েছেন প্রায় আড়াই হাজার কর্মী রাস্তায় নামবে। বিদ্যুৎ না থাকলে পরিস্থিতি সামাল দিতে দেড় হাজারেরও বেশি জেনারেটরও ভাড়া করেছে CESC।
এছাড়াও CESC’র তরফে পরামর্শ নেওয়া হয়েছে যে সমস্ত এলাকায় ঝোড়ো হাওয়া বইবে সেখানে বন্ধ রাখা হতে পারে বিদ্যুৎ সরবরাহ।
অভিজিৎ বাবু আরও জানিয়েছেন রাজ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন কিংবা পুলিশের তরফে যদি কোনও অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ এলে সেই অনুযায়ী কাজ করবে CESC। ঝড়ের সময় দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলতি বছরের আগত ঘূর্ণিঝড়কে মাথায় রেখে অভিজিৎ বাবু জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যথাক্রমে নম্বরগুলি হল-৩৫০১১৯১২/১৮৬০৫০০১৯১২/১৯১২। একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। যেখানে অভিযোগ জমা দিতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল-৭৪৩৯০০১৯১২।






