এবার কয়লা পাচার কাণ্ডে সক্রিয় সিআইডি, তলব করা হল প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারিকে, হাজিরা দেবেন নেতা?

কয়লা পাচার কাণ্ড (coal smuggling case) নিয়ে এবার তৎপর হল সিআইডি (CID)। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)। আগামীকাল, শুক্রবার ভবানী ভবনে (Bhawani Bhaban) তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আসানসোল সংলগ্ন নান্না এলাকা থেকে কয়লা পাচারের অভিযোগ আসছে বলে জানা গিয়েছে।

এই ভিত্তিতে আগেও অনেকেই গ্রেফতার করা হয়েছে। এবার এই মামলায় তলব করা হল বর্তমান বিজেপি নেতাকেও। এর আগে কয়লা পাচার কাণ্ডে আসানসোল থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খনি এলাকায় দায়িত্বে থাকা বেশ কিছু কর্মী আধিকারিককেও জেরা করে সিআইডি।

সিআইডি সূত্রে খবর অনুযায়ী, সেই আধিকারিক ও কর্মীদের জেরা করেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। আর সেই তথ্য থেকেই উঠে এসেছে জিতেন্দ্র তিওয়ারির নামও। এই কারণেই তাঁকে তলব করেছে সিআইডি।

সূত্রের খবর অনুযায়ী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও নোটিশ পাঠিয়েছে সিআইডি।

এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারির থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এখনও তাঁর কাছে তলবের কোনও চিঠি পৌঁছেছে কী না, তা নিশ্চিত নয়। চিঠি পেলেও তিনি হাজিরা দেবেন কী না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামীকাল দলীয় কর্মসূচি থাকায় তিনি হাজিরা নাও দিতে পারেন।

RELATED Articles