বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ এগিয়ে যেতেই ক্ষিপ্ত তৃণমূল, বিজেপির ক্যাম্পে পড়ল পাথর, নীরব দর্শক পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

চলছে ভোট গণনা। রাজ্যে শেষ জয়ের হাসিকে হাসবে, তা নিয়ে এখন টানটান উত্তেজনা সকলের মধ্যে। এক রাউন্ড গণনা শেষে কোনও প্রার্থী এগিয়ে যাচ্ছেন তো পরমুহূর্তে তিনিই আবার পিছনে। আর এই নিয়ে শাসক-বিরোধীর মধ্যে বাড়ছে উত্তেজনা। এবার বিষ্ণুপুরে সংঘর্ষ বাঁধল তৃণমূল ও বিজেপির মধ্যে।

সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী হলেন সৌমিত্র খাঁ আর তাঁর বিপক্ষে তৃণমূল থেকে লড়াই করছেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সকাল থেকে গণনা ট্রেন্ড অনুযায়ী, বিষ্ণুপুরে কখনও সৌমিত্রকে এগিয়ে থাকতে দেখা গিয়েছে, তো কখনও আবার সুজাতাকে। কিন্তু সৌমিত্র বেশি ব্যবধানে এগিয়ে যেতেই শুরু তৃণমূলের তাণ্ডব।

এক রাউন্ড গণনায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে যেতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল কর্মীরা। মাঠের মধ্যে একদিকে ছিল তৃণমূলের ক্যাম্প ও অন্যদিকে ছিল বিজেপির ক্যাম্প। সৌমিত্র খাঁ ভোটে এগিয়ে যেতেই বিজেপির ক্যাম্পে পাথর ছোঁড়া শুরু হয় তৃণমূলের তরফে, এমনটাই দাবী।

বিজেপির ক্যাম্পে গিয়ে ভাঙচুর তৃণমূল কর্মীদের। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু এই সংঘর্ষ দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে উভয়েই। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দু’পক্ষকেই সরিয়ে নেন জওয়ানরা।

প্রসঙ্গত, এখনও চলছে গণনা। আদতে কী হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রে এনডিএ জোট বেশ এগিয়ে থাকলেও বাংলায় এই মুহূর্তে বিজেপি অবস্থা শোচনীয়। আপাতত ১০টি আসনে এগিয়ে তারা। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত আসল ফলাফল কী হতে চলেছে, তা বোঝা দায়!  

RELATED Articles